সরকার ইউনূসকে অপদস্ত করে ক্ষুদ্র দলে নাম লেখাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার সরকারি পদক্ষেপে দেশে-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। গতকালই সরকারের এ পদক্ষেপে নিজেদের অসন্তুষ্টি ও বিচলিত হওয়ার কথা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রসহ অন্য দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা। বিদেশি গণমাধ্যমগুলোও বিভিন্ন প্রতিবেদন ও নিবন্ধের মাধ্যমে সরকারের এ পদক্ষেপের ব্যাপক সমালোচনা অব্যাহত রেখেছে। বিশ্বখ্যাত সাময়িকী ইকোনমিস্ট ২ মার্চ তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত এক নিবন্ধে এ ঘটনাকে ইউনূসের বিরুদ্ধে গত তিন মাস ধরে চলা আইনি ও গণমাধ্যমভিত্তিক অপপ্রচারের অংশ হিসেবে উল্লেখ করেছে। সাময়িকীটি লিখেছে, ‘গত নভেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে প্রচারিত একটি তথ্যচিত্রের মাধ্যমে এ অপপ্রচার শুরু হয়। তথ্যচিত্রে বলা হয়, ১৫ বছর আগে এই গ্রামীণ ব্যাংক থেকে কয়েক কোটি ডলার সরিয়ে ফেলা হয়।’ নরওয়ে সরকার এ অভিযোগের সূত্র ধরে তদন্ত করে। এবং সেই ডকুমেন্টারির তথ্যগুলো যে ভিত্তিহীন, সেটা নরওয়ে সরকারের তদন্তে বেরিয়ে আসে।নরওয়ে বিষয়টি বাংলাদেশ সরকারকে জানালেও ক্ষমতাসীনেরা ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসামূলক প্রচার অব্যাহত রাখে বলে সাময়িকীটি লিখেছে।ইকোনমিস্ট আরও লিখেছে, ১৪ বছর আগে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে মাইক্রো ক্রেডিট সম্মেলনের সভাপতি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশের সরকারপ্রধানদের সামনে বলেছিলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও দারিদ্র্য বিমোচনে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত।’মুহাম্মদ ইউনূস সম্পর্কে ইকোনমিস্ট লিখেছে, ‘এ মানুষটি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বের সামনে প্রমাণ করেছিলেন যে দরিদ্র জনগণ ঋণের অর্থ উত্পাদনশীল খাতে ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে।’ ইউনূসের এ সাফল্য সারা বিশ্বে অনেক ব্যাংককেই ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে বলে লিখেছে এ সাময়িকীটি।পত্রিকাটি লিখেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইউনূসের রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ই বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দলকে তাঁর বিরুদ্ধে খেপিয়ে তোলে। পত্রিকার ভাষায়, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে ইউনূসের প্রস্তাবিত রাজনৈতিক দলটির উদ্দেশ্য ছিল, “রাষ্ট্রব্যবস্থার প্রতিটি পর্যায় থেকে দুর্নীতিকে সমূলে উত্পাটন করার উদ্দেশ্যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করা”।’এরপর নিবন্ধটিতে বলা হয়, মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য যা-ই থাকুক, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো ব্যাপারটিকে দেখেছেন ব্যক্তিগত অপমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে। তিনি মনে করেন, মুহাম্মদ ইউনূস সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে তাঁকে রাজনীতি থেকে নির্বাসিত করার ষড়যন্ত্র করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বহুল আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’ও যে মুহাম্মদ ইউনূসের মস্তিষ্কপ্রসূত বলে শেখ হাসিনা মনে করেন।ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ভূমিকারও সমালোচনা করেছে ইকোনমিস্ট। তারা লিখেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এখন বলছে, মুহাম্মদ ইউনূস ১৯৯৯ সাল থেকে অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদটি দখল করে রেখেছিলেন। অথচ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদই মুহাম্মদ ইউনূসের ব্যবস্থাপনা পরিচালক থাকার ব্যাপারটি নবায়ন করেছিল। এরপর বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হচ্ছে, তারা কখনোই গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের এ নবায়ন প্রক্রিয়ার ‘অনুমোদন’ দেয়নি।এ ব্যাপারে বাংলাদেশের প্রথিতযশা আইনবিশেষজ্ঞ এম জহিরের বক্তব্যও ইকোনমিস্ট তুলে ধরেছে। সাময়িকীটির সঙ্গে আলাপকালে এম জহির বলেছেন, বাংলাদেশ ব্যাংক খুব ভালো করেই জানত যে মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘যেহেতু বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করে যেতে দিয়েছে, তাই আমরা ধরে নিতে পারি, ইউনূসের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটা সম্মতি ছিল।’ ইকোনমিস্টের নিবন্ধে বলা হয়, মুহাম্মদ ইউনূস-সংক্রান্ত টানাপোড়েনের ফলে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছে। সাময়িকীটি আরও লিখেছে, ‘ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের বর্তমান সরকার কী অর্জন করবে, সেটা অনুমান করা সত্যিই মুশকিল। তবে, খুব সম্ভবত, তারা গ্রামীণ ব্যাংকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়।’নিবন্ধটির একেবারে শেষ লাইনে ইকোনমিস্ট লিখেছে, ‘মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য যা-ই থাকুক, বাংলাদেশের বর্তমান সরকার নিজ দেশের নোবেল পুরস্কার বিজয়ীদের অপদস্ত করার খুব ক্ষুদ্র একটি দলে নিজেদের নাম লেখাল।’