সরকার ইচ্ছে করে বিদ্যুৎ ও গ্যাসসংকট জিইয়ে রেখেছে। এর মাধ্যমে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। একই সঙ্গে বিদ্যুত্সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে নানা কর্মসূচিও ঘোষণা করে তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ কমিউনিস্ট পার্টির কার্যালয় মুক্তিভবনে সংবাদ সম্মেলন করে তারা এসব কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি শেখ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিদ্যুতের দাবিতে কমিটি ১২ এপ্রিল মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ১৮ এপ্রিল। ২০ এপ্রিল ঢাকায় পদযাত্রা কর্মসূচি এবং ৩০ এপ্রিল গণস্বাক্ষর সংগ্রহের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা। তিনি বলেন, এর মধ্যে সরকার বিদ্যুত্সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা না নিলে গণ-ট্রাইব্যুনাল গঠনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব আনু মোহাম্মদ, বি ডি রহমতউল্লাহ, বিমল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।