সরকার ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে ষড়যন্ত্র করছে: নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী আজ রোববার বলেছেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে সরকার পরিকল্পিতভাবে একটি প্রেক্ষাপট তৈরি করছে। তাঁরা তাদের নীলনকশা বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আর ওই পরিস্থিতিকে সামনে রেখে জামায়াত-শিবির এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মানুষের ওপর দমন-পীড়ন শুরু করেছে। নিজামী দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ডে বিদেশি গুপ্তঘাতক কিংবা কোনো কমান্ডো বাহিনী অংশ নিয়েছিল। তিনি আরও বলেন, ‘সরকার নাম বদল করতে গিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিস্থিতিতে বিএনপিকে রাজপথে নামার সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমরা চাই না সরকার দেশকে উত্তপ্ত করুক।’ শিবিরের দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল দখলের প্রশ্নই ওঠে না। শিবিরের হাজার হাজার নেতা-কর্মী মেধা তালিকায় স্থান পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেই মেধা তালিকা অনুযায়ী তারা বিভিন্ন হলে সিট পেয়েছে। রাতের অন্ধকারে ছাত্রলীগ ও পুলিশের যৌথ অভিযানে শিবিরের নেতা-কর্মীরা ওই রাতে হল ছেড়েছিল। নিজামী আজ রোববার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারের আল ফালাহ ইনস্টিটিউটে আয়োজিত একটি আলোচনা সভায় এসব কথা বলেন। সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখা। সভায় বক্তারা বলেন, যাঁরা ভাষা আন্দোলনের পথিকৃত্, যাঁরা সংগ্রাম করেছেন, জেল খেটেছেন তাঁদের অবদান মূল্যায়ন না করে ইতিহাস বিকৃত করছে সরকার। ওই সময় ডাকসুর জিএস ছিলেন গোলাম আযম। তিনি এ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। আজকের এদিনে তাঁর কথা একবারও উচ্চারণ করা হয়নি। আজকে যাঁদেরকে ভাষা আন্দোলনের জন্য পুরস্কৃত করা হচ্ছে, তাঁদেরই কেউ কেউ ওই সময়ে ভাষা আন্দোলনের বিরোধিতা করে লিফলেট বিতরণ করেছিলেন। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন নিজামী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, হামিদুর রহমান, নূরুল ইসলাম, আবদুল হামিদ প্রমুখ।