সরকার উচ্চহারে কর ও ঋণের বোঝা চাপিয়েছে: জামায়াত
জামায়াতে ইসলামী প্রস্তাবিত বাজেটকে বাস্তবতাবিবর্জিত, উচ্চাভিলাষী ও জনস্বার্থের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে। দলটি বলেছে, বাজেট তৈরি করতে গিয়ে সরকার জনগণের ওপর উচ্চহারে কর ও ঋণের বোঝা চাপিয়েছে।২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে জামায়াতের অবস্থান তুলে ধরতে আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির মতিউর রহমান নিজামী এসব কথা বলেন।সংসদে না দিয়ে কেন বাইরে সংবাদ সম্মেলন করে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সাংবাদিকেরা জানতে চাইলে নিজামী বলেন, ‘সংসদে বসে আলোচনা করার সময় এখনো শেষ হয়ে যায়নি। সরকার যদি বিরোধী দলের গঠনমূলক সমালোচনা শুনতে চায়, পরিবেশ তৈরি করে, তাহলে আমাদের সাংসদেরা অবশ্যই সংসদে গিয়ে আলোচনা করবে।’লিখিত বক্তব্যে নিজামী বলেন, প্রস্তাবিত বাজেটে সব শ্রেণীর মানুষের ওপর অতিরিক্ত কর ও ঋণের বোঝা চাপানো হয়েছে। এ বাজেট অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যতটা না কার্যকর, তার চেয়ে বেশি প্রদর্শনমূলক। বাজেটে ব্যয় বৃদ্ধির হারের সঙ্গে আয় বৃদ্ধির কোনো সামঞ্জস্য নেই।কালো টাকা সাদা করার সুযোগ রাখারও বিরোধিতা করেন নিজামী। তাঁর ভাষায়, এ ব্যবস্থা অনৈতিক। কালো টাকা বিনিয়োগের যে উদ্দেশ্যে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তা কখনো সফল হয় না।চারদলীয় জোট সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। তখন কি জামায়াত একে অনৈতিক মনে করেনি? এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে নিজামী বলেন, ‘আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, এই সুবিধা দেওয়া ভালো না।’নিজামী মন্তব্য করেন, সরকার সমর্থকদের অবৈধ কালো টাকা বৈধ করার জন্যই এ ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে জোট সরকারের সময়েও কি আপনাদের দলের কর্মীদের কালো টাকা সাদা করার জন্য এই সুবিধা রাখা হয়েছিল? জবাবে নিজামী বলেন, ‘তখন যাদের কালো টাকা ছিল, তারাই সাদা করেছে।’প্রতিরক্ষা খাতে ৬ দশমিক ৯ শতাংশ বরাদ্দ যথেষ্ট নয় বলেও দাবি করেন নিজামী। এই খাতে তাহলে কত হতে পারত, জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘টাকার পরিমাণ আমরা বলব কেন। প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, তাদের কত বরাদ্দ সেটা দেখেন।’নানা বিষয় নিয়ে কথা বললেও শিক্ষা খাতের বাজেট প্রস্তাব নিয়ে জামায়াত কোনো কথা বলেনি। এর কারণ জানতে চাইলে নিজামী বলেন, ‘শিক্ষাখাতে যে বরাদ্দ দিয়েছে, তা বাস্তবায়ন করতে পারলে সমর্থন করব।’লিখিত বক্তব্যে নিজামী বলেন, প্রস্তাবিত বাজেটে গ্যাস, বিদ্যুত্ ও জ্বালানি খাতে বাজেটে ছয় হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিদ্যুত্ উত্পাদনের জন্য যে গ্যাস ও কয়লার প্রয়োজন তার অনুসন্ধান ও উত্তোলনের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। গ্যাস ও কয়লার অনুপস্থিতিতে বিদ্যুত্ উত্পাদিত হবে কীভাবে?জামায়াতের আমির দাবি করেন, বাজার ব্যবস্থাপনার উন্নয়নের জন্য প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাবও রাখা হয়নি।