সরকার উদ্যোগ নিয়েছে, ধৈর্য ধরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ধৈর্য না ধরলে কোনো জাতিই উন্নতি করতে পারে না।আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জ্বালানি উপদেষ্টা। বিবিয়ানা গ্যাসক্ষেত্র সম্প্রসারণে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের ৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গত দুই-তিন বছরে বেশ কিছু সরকারি উদ্যোগের ফলেই দেশে গ্যাস ও বিদ্যুতের উত্পাদন বেড়েছে। তিনি দাবি করেন, ‘গ্যাসের উত্পাদন বাড়াতে দুই বছর আগ থেকেই শেভরনের সঙ্গে আলোচনা করেছে সরকার। এর ফলে প্রতিষ্ঠানটি মোটা অঙ্কের বিনিয়োগ করছে।’ শেভরনের এই বিনিয়োগে উত্পাদিত অতিরিক্ত গ্যাস সঞ্চালনের জন্য ধনুয়া পাইপলাইন নির্মাণ কাজ চলছে বলেও জানান তিনি।৫০ কোটি ডলারের বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন শেভরন বাংলাদেশের সভাপতি জেএফ স্ট্রং। পেট্রোবাংলা এবং শেভরনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শেভরনের বিনিয়োগকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ উল্লেখ করে জেএফ স্ট্রং বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্র সম্প্রসারণের এই প্রকল্পে প্রসেস প্লান্ট, উন্নয়ন কূপ এবং তেল ও গ্যাস আলাদা করার প্লান্ট করা হবে। ২০১৪ সালে প্রকল্পটি সম্পন্ন হলে প্রতিদিন ৩০ কোটি ঘনফুট গ্যাস বেশি উৎপাদিত হবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শেভরন প্রতিদিন মোট ১৪০ কোটি ঘনফুট গ্যাস এবং চার হাজার ব্যারেল এনজিএল উত্পাদনের সক্ষমতা অর্জন করবে।অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বাড়াতে হলে অবশ্যই জ্বালানি সক্ষমতা বাড়াতে হবে। শেভরনের এই বিনিয়োগ এ ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে।আবুল মাল আবদুল মুহিত বলেন, বর্তমানে সংকটের কারণে সার ও শিল্পকারখানায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সঞ্চালন লাইনের অপর্যাপ্ততাও আছে। তবে শেভরনের প্রকল্পটি শেষ হলে অবস্থার উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, শেভরনের এই বিনিয়োগ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়তা করবে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্সচিব আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ।