সরকার উৎখাতের আহ্বান জানালেন জামায়াত নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেছেন, ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ শুরু করে দিয়েছে। ওই বাঁধ নির্মাণ করা থেকে ভারতকে বিরত রাখতে হলে বর্তমান সরকারকে উৎখাত করতে হবে। ‘টিপাইমুখ বাঁধ নির্মাণ’-এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে জামায়াতের নেতারা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে আপনারা কথা বলুন। না হলে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আপনাদের অবশ্যই বিদায় নিতে হবে।আমার দেশ-এর প্রকাশনা বন্ধ করার সমালোচনা করে মুজাহিদ অভিযোগ করেন, সাহসী কথা বলার কারণে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, এই সরকার একটি স্বৈরাচারী সরকার। সরকার সারা দেশে জামায়াতের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। অথচ তাঁদের কোনো দোষ নেই।জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, দেশ এখন দুঃশাসনের কবলে পড়েছে। সরকার নিজেই দেশকে অস্থিতিশীল করে তুলছে। আওয়ামী লীগ সরকারের পক্ষে জনগণের সমস্যা নিরসন সম্ভব নয়। সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, যেভাবে আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে, সেটা ডাকাতির মতো। মাহমুদুর রহমান যদি অন্যায় করে থাকেন, ব্যক্তিগতভাবে তাঁকে শাস্তি দেওয়া হোক, কিন্তু পত্রিকাটি কী দোষ করল।সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার বলেন, ‘যদি আমরা টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারতকে বিরত রাখতে চাই, জনদুর্ভোগ কমাতে চাই, তাহলে এই সরকারের পতন ছাড়া বিকল্প নেই। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের দুর্ভোগ কমানো যাবে না।’আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান বলেন, টিপাইমুখ বাঁধ ঠেকানোর বদলে সরকারকে ঠেকাতে হবে। সরকারকে সরানো আজ সময়ের দাবি। এ সরকারকে বেশি দিন ক্ষমতায় রাখা যাবে না।জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম, রেদওয়ান উল্লাহ শাহিদী প্রমুখও সমাবেশে বক্তব্য দেন।