সরকার উৎখাতের চিন্তা অসাংবিধানিক: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘একটা নির্বাচিত সরকারকে পাঁচ বছরের আগে ক্ষমতা থেকে উৎখাতের চিন্তা অসাংবিধানিক। আশা করি বিরোধী দল অসাংবিধানিক এ প্রক্রিয়া থেকে বিরত থাকবে।’ সরকারের পতনে বিরোধী দল আন্দোলনে যাবে বলে যে ঘোষণা দিয়েছে, এ ব্যাপারে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দ আশরাফ আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে বিফ্রিংকালে এ কথা বলেন। এ সময় দপ্তর সম্পাদক আ. মান্নান খান উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকার সময় সৈয়দা সাজেদা চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ অবস্থা ধরে রাখতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। সরকার ব্যর্থ হয়েছে বলে বিরোধী দলের মন্তব্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘সংসদে এসে তারা বলুক আমাদের কোথায় ও কী কী ক্ষেত্রে ব্যর্থতা আছে। সে অনুয়ায়ী আমরা পরিবর্তন ও পরিমার্জন করব।’সৈয়দ আশরাফ বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী সংসদ অধিবেশনে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীর বিষয়ে আলোচনা হবে। এজন্য বিশেষ কমিটি করা হয়েছে। সব দলের মতামত নিয়ে আমরা সংবিধানের সংশোধন করেতে চাই। বিরোধী দল ইচ্ছা করলে এখনো অংশ নিতে পারে।’ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শুরু হয়। বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ইউসুফ হোসেন হুমায়ুন, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, রাজিউদ্দিন আহমেদ রাজু, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।