সরকার ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে। এতে করে পিছিয়ে যাচ্ছে সরকারি বিনিয়োগ। আর এ দুইয়ের নেতিবাচক প্রভাব পড়ছে বেসরকারি খাতের বিনিয়োগের ওপর। ফলে আগামী অর্থবছরে বেসরকারি বিনিয়োগ শ্লথ হয়ে পড়তে পারে—যা বাজেটে ঘোষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে উঠবে।২০১১-১২ অর্থবছরের বাজেট ও দেশের অর্থনৈতিক অবস্থার ওপর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।সংলাপে আরও বলা হয়েছে, শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান জোরদার করতে হবে। এ জন্য নিশ্চিত করতে হবে বেসরকারি খাতে অর্থায়ন। সর্বোপরি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।সংলাপে অর্থনীতির হালচিত্র ও বাজেটের বিভিন্ন দিকের বিশ্লেষণ তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংসদ আমীর খসরু মাহমুদ চৌধুরী।আলোচনায় অংশ নেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম প্রমুখ।মোস্তফা কে মুজেরী বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে দারিদ্র্য বিমোচনের জন্য মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়াতে হবে। আর এ জন্য মূল চালিকা ধরা হয়েছে শিল্প খাতকে। এ জন্য বড় বিনিয়োগ লাগবে।এস আর ওসমানী বলেন, সম্প্রতি বছরগুলোর বাজেট ঘাটতির প্রবণতায় এটাই দেখা যায়, সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে, তার চেয়ে বেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়ে যাচ্ছে। জিডিপির ১ দশমিক ১০ শতাংশ ঋণ নিলেও বকেয়া ঋণের সুদ বাবদ রাজস্ব-ব্যয় জিডিপির ১ দশমিক ৬০ শতাংশ হয়ে গেছে। তার মানে সুদ পরিশোধের জন্যই সরকারকে বাড়তি রাজস্ব আদায় করতে হচ্ছে। এভাবে ঋণের ফাঁদ তৈরি হয়ে গেছে।ওসমানীর বক্তব্য সমর্থন করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘এটা ঠিক যে আমরা ধার করে ধার শোধ করছি।’ তিনি আরও বলেন, ‘উন্নয়ন ব্যয়ের মাধ্যমে অতিরিক্ত উত্পাদনের ক্ষমতা সৃষ্টি করা হয়। অথচ উন্নয়ন-ব্যয় কমে যাচ্ছে। আবার বিনিয়োগ বাড়াতেও সর্বাত্মক চেষ্টা করছি না।’আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবকাঠামোর সংকটে বিনিয়োগের পরিবেশ ব্যাহত হচ্ছে। তার পরও যুক্ত হয়েছে মুদ্রাবাজারের তারল্য সংকট। ব্যাংক ঋণের সুদের হার বেড়ে প্রায় ক্ষুদ্রঋণের সুদের হারের কাছে চলে যাচ্ছে। এ অবস্থায় বিনিয়োগ কীভাবে হবে?খসরু বলেন, ‘শেয়ারবাজার থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা হয়েছে বাঘের বাচ্চা। আর তদন্ত করে তদন্ত কমিটির প্রধান এখন হয়ে গেছেন আসামি। এভাবে সরকার ভুল বার্তা দিচ্ছে।’মির্জ্জা আজিজুল ইসলাম অবশ্য ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের প্রভাব বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, এতে রাজস্ব চাপ বাড়লেও সামষ্টিক অর্থনীতিতে তেমন চাপ বাড়বে না। কেননা, ঋণের সুদ যে সরকার ফেরত দেয় তা জনগণই পায়। আর সরকারের বেশি ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণের ওপর তেমন নেতিবাচক প্রভাব ফেলে না।