সিপিডির সংলাপে রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব আরোপ
সরকার ঋণের ফাঁদে পড়ায় শ্লথ হয়ে যাচ্ছে বিনিয়োগ
সরকার ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে। এ কারণে পিছিয়ে যাচ্ছে সরকারি বিনিয়োগ। এই দুইয়ের নেতিবাচক প্রভাব পড়ছে বেসরকারি খাতের বিনিয়োগের ওপর। ফলে আগামী অর্থবছরে বেসরকারি বিনিয়োগ শ্লথ হয়ে পড়তে পারে, যা বাজেটঘোষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে উঠবে।২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট ও দেশের অর্থনৈতিক অবস্থার ওপর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে গতকাল শনিবার এমন আশঙ্কার কথা উঠে এসেছে।সংলাপে আরও বলা হয়েছে, শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান জোরদার করতে হবে। এ জন্য বেসরকারি খাতের জন্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। সর্বোপরি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। সংলাপে অর্থনীতির হালচিত্র ও বাজেটের বিভিন্ন দিকের বিশ্লেষণ তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এতে বলা হয়, আগামী অর্থবছরে বাজেট অর্থায়নের ক্ষেত্রে প্রতিশ্রুত বিদেশি সহায়তা দ্রুত অবমুক্ত করতে হবে। আর অভ্যন্তরীণ মুদ্রাবাজারের ওপর চাপ কমাতে অনুদান আকারে নতুন সহায়তা আনতে হবে।নির্ধারিত আলোচক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, ‘সরকারি বিনিয়োগে ঘাটতি দেখা দিয়েছে, বেসরকারি বিনিয়োগে নয়। কেননা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সমস্যা আমরা সেভাবে সমাধান করতে পারছি না।’উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী বলেন, সাম্প্রতিক বছরগুলোর বাজেট-ঘাটতির প্রবণতায় দেখা যায়, সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে, তার চেয়ে বেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়ে যাচ্ছে। জিডিপির ১ দশমিক ১০ শতাংশ ঋণ নিলেও বকেয়া ঋণের সুদ বাবদ রাজস্ব ব্যয় জিডিপির ১ দশমিক ৬০ শতাংশ হয়ে গেছে। তার মানে, সুদ পরিশোধের জন্যই সরকারকে বাড়তি রাজস্ব আদায় করতে হচ্ছে। এভাবে ঋণের ফাঁদ তৈরি হয়ে গেছে।ওসমানী আরও বলেন, এতে করে একদিকে উন্নয়ন খাতে সরকারের ব্যয় কমে যাচ্ছে, অন্যদিকে বেসরকারি খাতের জন্য ঋণ পাওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। আগামী অর্থবছরে যেভাবে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, তাতে এই সংকোচন আরও বাড়তে পারে।ওসমানীর বক্তব্য সমর্থন করে সংলাপের প্রধান অতিথি সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘এটা ঠিক যে আমরা ধার করে ধার শোধ করছি।’ তিনি আরও বলেন, ‘উন্নয়ন ব্যয়ের মাধ্যমে অতিরিক্ত উৎপাদনক্ষমতা সৃষ্টি করা হয়, অথচ উন্নয়ন ব্যয় কমে যাচ্ছে। আবার বিনিয়োগ বাড়াতেও সর্বাত্মক চেষ্টা করছি না।’অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবকাঠামোর সংকটে বিনিয়োগের পরিবেশ ব্যাহত হচ্ছে। তার ওপর যুক্ত হয়েছে মুদ্রাবাজারের তারল্য সংকট। ব্যাংকঋণের সুদহার বেড়ে প্রায় ক্ষুদ্রঋণের সুদের হারের কাছে চলে যাচ্ছে। এই অবস্থায় বিনিয়োগ কীভাবে হবে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা সরবরাহ কমিয়ে দিলে শিল্প খাতেও রপ্তানি নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।খসরু আরও বলেন, শেয়ারবাজার থেকে অর্থায়ন করেও বিনিয়োগের সুযোগ নেই। কেননা, শেয়ারবাজার নিয়ে সরকারের কোনো নীতি-পরিকল্পনা নেই। তিনি অভিযোগ করে বলেন, পুঁজিবাজারের উন্নতির জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করা হচ্ছে না, হচ্ছে রাজনীতিকীকরণ। যে ব্যক্তি আইসিবির চেয়ারম্যান থাকার সময় শেয়ারবাজারে বিপর্যয় ঘটল, সেই ব্যক্তিকে করা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান। খসরু বলেন, ‘শেয়ারবাজারে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা হয়েছে বাঘের বাচ্চা। আর তদন্ত করে তদন্ত কমিটির প্রধান হয়ে গেছেন আসামি। এভাবে সরকার ভুল বার্তা দিচ্ছে।’সাবেক এই মন্ত্রী বিদ্যুৎ খাতে নির্বিচারে ব্যয়বহুল ভাড়াভিত্তিক বিদু্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়ার সমালোচনা করে বলেন, এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম অনেক বেশি। এ জন্য জনগণ ও শিল্প খাত ভুগবে, আর সরকারের ভর্তুকিও বাড়বে। কোনো সরকারের বিদ্যুৎ ও পানির মতো অপরিহার্য উপযোগ সেবা এভাবে বেসরকারি খাতনির্ভর করে তোলা উচিত নয়। এভাবে বরং মুষ্টিমেয় কিছু ব্যক্তি-গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।এ প্রসঙ্গে মহিউদ্দিন খান আলমগীর বলেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন-ব্যয় কত আর সরকার কত দামে কিনছে, তা অবশ্যই সমন্বয় করতে হবে। এখানে চিরায়ত ভর্তুকি দেওয়া সম্ভব নয়।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম অবশ্য ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রভাবের বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, এতে রাজস্বের চাপ বাড়লেও সামষ্টিক অর্থনীতিতে তেমন চাপ বাড়বে না। কেননা, ঋণের যে সুদ সরকার ফেরত দেয়, তা জনগণই পায়। আর সরকারের বেশি ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণের ওপর তেমন নেতিবাচক প্রভাব ফেলে না।রাজনৈতিক স্থিতিশীলতা: মির্জ্জা আজিজ বলেন, ব্যবসা ও শিল্পায়নে রাজস্ব প্রণোদনার ভূমিকা সীমিত। এর চেয়ে বরং অনেক বেশি জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রমিকদের শৃঙ্খলা ও পর্যাপ্ত অবকাঠামো।টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় পথ হচ্ছে আলোচনা ও সমঝোতা। সবার সেদিকেই যাওয়া উচিত। ইনু আরও বলেন, জনগণ বাজেট বোঝে না, বাজার বোঝে, নিত্যপণ্যের দামের ওঠানামা বোঝে। কাজেই নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি, যা দুই বছর ধরে হচ্ছে না।মুক্ত আলোচনা: মুক্ত আলোচনায় পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ দিতে হবে। এখানে নৈতিকতার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ঢালাওভাবে নয়, বরং শিল্প খাতে ১০ শতাংশ কর প্রদান সাপেক্ষে এই সুযোগ দেওয়া যেতে পারে।বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, রপ্তানিমূল্যের ওপর এক লাফে উৎসে আয়কর বাড়িয়ে দেড় শতাংশে উন্নীত করা হয়েছে, যা আত্মঘাতীমূলক। এটাকে বর্তমানের অবস্থায় রেখে দিতে হবে।সভাপতির বক্তব্যে এম সাইদুজ্জামান বলেন, ‘মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না, এটা সত্যি। তাই বলে মুদ্রানীতিকে নিষ্ক্রিয় রাখাও যাবে না। রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করতে হবে।’