ক্ষমতায় আসার সাত মাসের মাথায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল হলেও এক বছরে দলের সাংগঠনিক তত্পরতা তেমন একটা ছিল না। দল ও সরকারের মধ্যে সমন্বয়হীনতা, ক্ষেত্রবিশেষে দূরত্ব সৃষ্টির কথাও বলছেন তৃণমূল নেতারা।আজ শনিবারের কেন্দ্রীয় বর্ধিত সভায় সরকার ও দলের মধ্যে দূরত্ব কমানো এবং সাংগঠনিক তত্পরতা বাড়িয়ে দলকে গতিশীল করার উপায় নিয়ে আলোচনা হতে পারে। বিরোধী দলের সম্ভাব্য আন্দোলনের প্রস্তুতি সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই বর্ধিত সভার মূল লক্ষ্য বলে জানা গেছে।তা ছাড়া গত এক বছরে সরকার সম্পর্কে তৃণমূল নেতাদের মূল্যায়ন এবং ভবিষ্যত্ কর্মপন্থা সম্পর্কে পরামর্শ নেওয়া হবে। বর্ধিত সভার আলোকে আওয়ামী লীগের ভবিষ্যত্ রাজনৈতিক কর্মপরিকল্পনা নেওয়া হবে। এ সভায় দলের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর এই কমিটির নেতৃত্বে সারা দেশে সাংগঠনিক তত্পরতা শুরু হবে বলে দলের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বর্ধিত সভার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সারা দেশে সাংগঠনিক সফরে বের হবেন। এ সময় তাঁরা দলের জেলা ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভায় যোগ দেবেন। এরপর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, শহর, জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। তৃণমূল পর্যায়ে সম্মেলন শেষ করে আগামী তিন বছরের মাথায় কেন্দ্রীয় সম্মেলন করা হতে পারে। সূত্র জানায়, এরই মধ্যে মাঠপর্যায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে নানা অভিযোগ এসেছে। অনেকের বিরুদ্ধে দলীয় কার্যক্রমে সময় না দেওয়ার অভিযোগ আছে। আওয়ামী লীগের সংসদীয় দলের গত সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের বর্ধিত সভায় আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তৃণমূল নেতাদের অভিযোগের জবাব দিতে সাংসদদের প্রস্তুত হয়ে আসারও পরামর্শ দেন।১০ হাজার প্রতিনিধি যোগ দেবেন: কেন্দ্রীয় বর্ধিত সভা মূলত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি এবং জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে হয়। তবে শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে দলীয় সাংসদ, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং মহানগরের বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক সহসম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা গণভবনে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন। তবে তাঁদের সবাই বর্ধিত সভার মূল অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ না-ও থাকতে পারে।শেষ মুহূর্তের প্রস্তুতি: বর্ধিত সভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কেন্দ্রীয় নেতাদের নিয়ে গতকাল দুপুরে গণভবন পরিদর্শন করেন। সরেজমিনে দেখা গেছে, গণভবনের বিশাল মাঠজুড়ে প্যান্ডেল করা হয়েছে। প্রত্যেক প্রতিনিধিকে দলীয়ভাবে একটি ফাইল ও ফোল্ডার দেওয়া হবে। এ জন্য বিভাগভিত্তিক বুথ খোলা হয়েছে। সূত্র জানায়, জেলা, উপজেলা ও পৌর সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় কমিটির সদস্যদের কেন্দ্রীয়ভাবে চিঠি দেওয়া হয়েছে। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ জেলার সাংগঠনিক প্রতিবেদন নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০০৮ সালের ২৬ মে আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। তখন দলীয় সভানেত্রী শেখ হাসিনা কারাবন্দী ছিলেন।দুই পর্বের অনুষ্ঠান: আওয়ামী লীগের বর্ধিত সভা দুই পর্বে বিভক্ত। প্রথমে সকাল ১০টায় ধানমন্ডির কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের মাধ্যমে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। ঘণ্টাখানেক বৈঠক চলার পর তা মুলতবি করা হবে। এরপর বৈঠক গণভবনে স্থানান্তর করা হবে। বেলা ১১টার এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান: বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সদস্যপদ নবায়নের মাধ্যমে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন করবেন। এ সম্পর্কে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সদস্য সংগ্রহ অভিযানে ৩০ শতাংশ নারী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তা ছাড়া নতুন প্রজন্মের ভোটার এবং আগামী নির্বাচনে ভোটার হবেন এমন নাগরিকদেরও সদস্য করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।গণভবনে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই বর্ধিত সভার মূল লক্ষ্য। এ সভায় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচন ও সংলাপে অংশ নেব। তাঁর নেতৃত্বেই নির্বাচনের জয়লাভের মাধ্যমে সরকার গঠন করব। আমাদের সেদিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।’সৈয়দ আশরাফ আজ সকাল নয়টার মধ্যে আমন্ত্রিত প্রতিনিধিদের গণভবনে আসার অনুরোধ করেন। মুঠোফোন ও ব্যাগ সঙ্গে আনা যাবে না।