সরকার ও নির্বাচন কশিমন চায় না নির্বাচন নিরপেক্ষ হোক: বিএনপি
বিএনপি অভিযোগ করে বলেছে, ভোলা-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, সরকার ও নির্বাচন কশিমন তা চায় না। যদি চাইত, তাহলে নির্বাচনী এলাকার অরাজক পরিস্থিতি জানানোর পর তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিত। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। তিনি ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাফিজউদ্দিন আহমদের পক্ষে নির্বচন কমিশনের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন।দাবিগুলো হলো—ভোলা-৩ নির্বাচনী এলাকা থেকে অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের বহিষ্কার ও গ্রেপ্তার; জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় র্যাবের ক্যাম্প স্থাপন; ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় একজন নির্বাচন কমিশনারের উপস্থিতি; নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন এবং প্রতিটি ভোটকেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ। রুহুল কবির রিজভী বলেন, মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচনী এলাকার অরাজক পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যে দলের পক্ষ থেকে কমিশনকে চিঠির মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত নির্বাচন কশিমনের কোনো তত্পরতা দেখা যায়নি। তাই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলের মনোনীত প্রার্থী হাফিজউদ্দিন আহমদ নির্বাচন কশিমনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো না মানলে নির্বাচন বয়কট করবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দলের নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নেবেন।