বর্তমান বিশ্বে গণতন্ত্র সর্বোৎকৃষ্ট এবং বহুল চর্চিত শাসনব্যবস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ শাসনব্যবস্থায় জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়, যাঁদের হাতে ন্যস্ত রয়েছে নির্দিষ্ট সময় অন্তর সরকার পরিবর্তন বা পুনর্নির্বাচিত করার অস্ত্র, অর্থাৎ সর্বজনীন ভোটাধিকার। তাই গণতন্ত্র জনমুখী এবং শাসককুলের দায়িত্বশীল ভূমিকা এর মূল বৈশিষ্ট্য। স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিকভাবে গৃহীত হয়। দুর্ভাগ্যজনকভাবে এর স্থিতিকাল ছিল স্বল্প এবং দেশে প্রতিষ্ঠিত হয় প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক শাসন। এভাবে ১৯৯০ অবধি চালু থাকে গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। ১৯৯০ সালের শেষে বাংলাদেশে গণতন্ত্রের প্রক্রিয়া পুনরায় শুরু হয় এবং ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সর্বসম্মতিক্রমে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা হয়।উল্লেখ্য, ১৯৯১ সালে এ দেশে গণতন্ত্র তথা সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঠান্ডা যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এস পি হান্টিংটনের ‘থার্ড ওয়েভ অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের তৃতীয় ঢেউ’ ধারণার সঙ্গে সংগতিপূর্ণ। বস্তুত, এ সময় থেকে বিশ্বের বিভিন্ন স্থানে স্বৈরতান্ত্রিক কাঠামোর অবসান এবং উদারনৈতিক গণতন্ত্রের চর্চা ও প্রবর্তন হতে থাকে। নব প্রেক্ষাপটে বাংলাদেশে সংসদীয় নির্বাচন ও সংসদ প্রতিষ্ঠা এ দেশের রাজনীতিতে নতুন জোয়ার আনে এবং গণতন্ত্র বিনির্মাণসহ এর প্রাতিষ্ঠানিকায়নে নতুন আশা সঞ্চারিত হয়। নির্বাচনে বিজয়ী দলের সরকার গঠন, রাজনৈতিক ব্যবস্থায় স্বীকৃত বিরোধী দলের অবস্থান এবং সংসদীয় গণতন্ত্রের শর্ত মোতাবেক দেশের রাজনৈতিক ও সংসদীয় প্রক্রিয়ায় সরকার ও বিরোধী পক্ষের দায়িত্বশীল জবাবদিহিমূলক ভূমিকা পালন এ ক্ষেত্রে মুখ্য হয়ে ওঠে।বাংলাদেশে গত দুই দশকে গণতন্ত্রচর্চার মূল্যায়ন সময়ের বিচারে খুব দীর্ঘ না হলেও এ চর্চার প্রকৃতি উদ্ঘাটন ও প্রবণতা নির্ণয় আবশ্যক। আমরা জানি, উদারনৈতিক গণতন্ত্র ক্রিয়াশীল রাখার জন্য বিভিন্ন উপাদান প্রয়োজন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতির নিয়মনীতির ব্যাপারে সর্বদলীয় সমঝোতা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ইত্যাদি। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত সংসদীয় কাঠামোয় এ ব্যাপারে সরকারি ও বিরোধী নেতৃত্বের ওপর যথাযথভাবে দায়িত্ব বর্তায়। এ জন্য সংসদীয় আচার ও প্রথার অনুসরণ এবং প্রয়োজনীয় সংস্কৃতির ধারণ ও পালন অত্যাবশ্যক হয়ে পড়ে। তবে শুরু থেকেই সংসদীয় অনুষ্ঠান ও কার্যক্রমের মধ্য দিয়ে সংসদীয় সমঝোতা প্রতিষ্ঠা কঠিন হয়ে যায় প্রধানত সরকার ও বিরোধী দলের পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্বমূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রেক্ষাপটে। সমঝোতার মাধ্যমে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও এর কাঠামো ‘প্রধানমন্ত্রীর সরকার’ তৈরি করে এবং সাংসদদের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। ফলে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং নিরপেক্ষ রাষ্ট্রপ্রধানের উপস্থিতি সমস্যাসংকুল হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সাংসদদের বশংবদ করে রাখে এবং ভিন্নমতের অবকাশ থাকে না। সরকারি ও বিরোধী দলের মতানৈক্যের কারণে প্রতিদ্বন্দ্বিতাবিহীন স্পিকারের নির্বাচনসংক্রান্ত সংসদীয় প্রথা অনুসরণ সম্ভবপর হয়নি। এর প্রতিফলন রাষ্ট্রপতি নির্বাচনেও লক্ষ করা যায়। গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে দুটি পক্ষের বিপরীতমুখী অবস্থান দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রমকে দারুণভাবে বিঘ্নিত করতে থাকে। পারস্পরিক অসহযোগিতা ও সন্দেহ নেতিবাচক সমালোচনাকে উৎসাহিত করে। দেশের শাসন-প্রক্রিয়ায় যৌথ অংশগ্রহণ না থাকায় সরকারি নিয়ন্ত্রণ একতরফা হয়, সমালোচনায় অনাগ্রহী অসহনশীল আচরণ সংসদে বিরোধী দলের অনুপস্থিতিকে একপর্যায়ে স্থায়ী বয়কটে রূপ দেয় এবং দেশের রাজনৈতিক অঙ্গন সরকারবিরোধী আন্দোলন ও উৎখাতের তৎপরতায় উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য, পঞ্চম জাতীয় সংসদের ২২টি অধিবেশনের মধ্যে বিরোধী দল প্রথম ১৩টি অধিবেশন পর্যন্ত বিভিন্ন সময়ে উপস্থিত ছিল, তবে ১৩তম অধিবেশনের পর আর সংসদে ফিরে যায়নি। এভাবে ত্রয়োদশ অধিবেশন থেকে বিরোধী দলের লাগাতার সংসদ বয়কটের কারণে সংসদীয় কার্যক্রমের গুরুত্ব হ্রাস পেতে থাকে। সরকারি দলের সংসদীয় উপনির্বাচনে বিশেষত, মাগুরা-২ আসনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বিরোধী দল ভবিষ্যতের সব জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠানের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে, আর লাগাতার হরতালসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। রাজনৈতিক সংকট ক্রমান্বয়ে রাজনৈতিক অচলাবস্থায় রূপ নেয়, যখন বিরোধী দলের সব সাংসদ একযোগে পদত্যাগ করেন। এ সময় থেকে মধ্য জানুয়ারি ১৯৯৬ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকারদলীয় পদক্ষেপ, কূটনীতিকদের তৎপরতা, কমনওয়েলথ মধ্যস্থতা, বিভিন্ন দাতাগোষ্ঠী ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে পঞ্চম সংসদ ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯ মার্চ ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ গঠন করা হয় একদলীয় নির্বাচনের মাধ্যমে এবং ২৬ মার্চ ১৯৯৬ তারিখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। তবে ক্রমবর্ধমান সংকট ও বিরোধী দলের কঠোর আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করে এবং ষষ্ঠ সংসদের ইতি ঘটে। সাংবিধানিকভাবে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে সংসদীয় নির্বাচনের পর ১৯৯৬ সালের জুলাই মাসে সপ্তম সংসদের যাত্রা শুরু হয় এবং স্বাধীনতা-উত্তরকালে প্রথমবারের মতো নিজস্ব মেয়াদ পূর্ণ করতে সক্ষম হয়। তবে শুরু থেকে ট্রেজারি বেঞ্চ ও প্রধান বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন পরিলক্ষিত হয়নি। সংসদের ফ্লোরে উত্তেজনাকর পরিস্থিতি এবং বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের সাংসদেরা সংসদীয় প্রথাভিত্তিক আচরণ প্রদর্শনে ব্যর্থতার পরিচয় দেন এবং প্রথমেই অহেতুক রাজনৈতিক বিতর্ক ও অনির্ধারিত বক্তব্য সংসদের মূল্যবান সময় বিনষ্ট করে। সপ্তম সংসদের কার্যক্রমকে অধিক গণতান্ত্রিক করার লক্ষ্যে এ সময় কয়েকটি উল্লেখযোগ্য সংস্কার সাধন করা হয়। যেমন, সংসদে উত্থাপিত সব বিলের সংশ্লিষ্ট কমিটিতে সেগুলো আবশ্যিকভাবে প্রেরণ, সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর-পর্ব চালুকরণ এবং কার্যপ্রণালি বিধিতে সংশোধনী এনে মন্ত্রী নন এমন সাংসদকে সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব অর্পণ করা। এসব সংস্কারের ফলে সংসদীয় কাঠামোতে গণতন্ত্রায়ণ ঘটলেও সার্বিকভাবে সংসদীয় কার্যক্রমকে কার্যকর বা ফলপ্রসূ করতে পারেনি। ব্রিটেনের সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর-পর্বের সুযোগ সরাসরি বিরোধীদলীয় নেতা লাভ করেন এবং প্রধান নির্বাহীকে প্রশ্নবানে বিদ্ধ করে দায়িত্বশীলতা দাবি করেন, যা সপ্তম সংসদে লক্ষ করা যায়নি। যথারীতি গুরুত্বপূর্ণ বিল-প্রক্রিয়ায় বিরোধী দলের অংশ ছিল খুবই সীমিত। উভয় পক্ষের মতপার্থক্য থাকায় সংসদীয় কমিটি গঠন প্রলম্বিত হয়। তবে প্ল্যানারি সেশনে বিরোধী দলের ঘন ঘন ওয়াকআউট বা বয়কটের প্রবণতা থাকলেও কমিটির অধিবেশনে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। সংসদীয় তদারকি পুরোপুরি ক্রিয়াশীল না হওয়ায় সরকারি ও বিরোধী দল রীতিসিদ্ধ সংসদীয় রাজনীতির চর্চা করতে সক্ষম হয়নি।অষ্টম জাতীয় সংসদ বাংলাদেশের দ্বিতীয় সংসদ, যা পাঁচ বছরের মেয়াদ পূর্তি করে এবং ২৩টি অধিবেশনে মিলিত হয়। সংসদীয় মেকানিজমসহ প্রশ্নোত্তর-পর্বে সরকারি সাংসদদের প্রাধান্য অব্যাহত থাকে এবং প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর-পর্বের ১১২টি প্রশ্নের ৯০ ভাগেরও বেশি ট্রেজারি বেঞ্চ থেকে উত্থাপিত হয়। সরকার ও বিরোধী দলের বৈরী সম্পর্কের প্রভাব সংসদীয় কাঠামোতে দারুণভাবে পরিলক্ষিত হয়, বিরোধী দলের অসহযোগিতা ও সরকারি দলের অসহিষ্ণুতা এবং বিরোধী দলকে সংসদে কথা বলতে না দেওয়ার পারস্পরিক অভিযোগ ওঠানো হয়। এভাবে বিরোধী দল ক্রমাগত সংসদের অধিবেশন বয়কট করে এবং ২৩টি অধিবেশনের মধ্যে মাত্র নয়টিতে যোগ দেয়। অষ্টম সংসদে মূল্যবান সংসদীয় সময়ের অপচয় লক্ষণীয় হয় এবং জানা যায়, ৩৭৩ কার্যদিবসের ১৭৮টিতে প্রধানমন্ত্রী স্বয়ং অনুপস্থিত ছিলেন এবং বিরোধী দলের নেতা ৩২৮ কার্যদিবস সংসদে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। এ সংসদে কোরাম-সংকট ব্যাপকতর হয়, যার পরিমাণ ২২৭ ঘণ্টা। অষ্টম সংসদ ১৪তম সংবিধান সংশোধনী পাস করে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৩০ থেকে ৪৫-এ উন্নীত করে, তবে সংরক্ষিত আসনের নির্বাচন-প্রক্রিয়া পরোক্ষভাবে নির্বাচিত নারী সাংসদদের পুরুষ নেতৃত্বের অধীন করে রাখে এবং তাঁরা আগের মতো সরকারি দলের ভোট ব্যাংক ও ‘সংসদের অলংকার’ হিসেবে চিহ্নিত হতে থাকেন। মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সরকারি দলের অনমনীয়তা থাকায় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুসহ সারা দেশে বোমা হামলার ঘটনা-সংক্রান্ত কোনো মুলতবি প্রস্তাব গ্রাহ্য করা হয়নি। ক্ষমতাসীন সরকারের প্রশাসনিক দায় বা ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা দাবি মুলতবি প্রস্তাবগুলোতে সম্পৃক্ত থাকায় ১৯৯১-পরবর্তী কোনো সরকারই নিজস্ব দুর্বলতা বা ব্যর্থতার বিষয়ে সংসদীয় আলোচনার ব্যাপারে বরাবরই অনাগ্রহ প্রদর্শন করতে থাকে। উল্লেখ্য, ’৯১-পরবর্তী সব জাতীয় সংসদের স্পিকারদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। স্পিকার-সংক্রান্ত সংসদীয় প্রথা, অর্থাৎ স্পিকারের নির্দলীয় অবস্থান এবং তাঁর নির্বাচনী এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এবং একই পদে আসীন হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সম্ভব হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদ নীতি-নির্ধারণের নিউক্লিয়াস বা কেন্দ্রবিন্দুতে পরিণত না হওয়ায় সরকারি দলের একচেটিয়া প্রাধান্য বিস্তারের চেষ্টা এবং বিরোধী দলের শুধু বিরোধিতার খাতিরে ভূমিকা পালন ইতিবাচকভাবে কার্যকর বা গঠনমূলক হয়ে ওঠেনি। বাংলাদেশে গণতন্ত্র সাফল্যের শর্তাবলি অনেকাংশে অনুপস্থিত লক্ষ করা গেছে এবং মাত্রাতিরিক্তভাবে যুক্ত হয়েছে বিভিন্ন সময়ের সরকার ও বিরোধী দলের অসহনশীলতা, যা কিনা সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতির ফলশ্রুতি। প্রায় সব দিক দিয়ে সমজাতীয় বা হোমোজেনাস উপাদান থাকা সত্ত্বেও এ দেশে সামাজিক ও রাজনৈতিক সংহতি সুদূরপরাহত থেকে যায় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং জাতীয় মৌল বিষয়ে মতৈক্যের অভাবে। প্রায় দুই দশক আগে সমঝোতার ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলেও এর প্রকৃত চর্চা সমস্যাসংকুল হয়ে পড়ে।গণতন্ত্র মানে শুধু মতৈক্য প্রতিষ্ঠাই নয়। কোনো সমাজই দ্বন্দ্ব-সংঘাতের ঊর্ধ্বে নয়। তবে গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দ্বন্দ্ব ও সংকট নিরসনের এক কার্যকর মাধ্যম। রাষ্ট্রবিজ্ঞানীরা বলতে চান, প্রতিদ্বন্দ্বী দল ও এলিটদের মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা দ্বন্দ্বের প্রাতিষ্ঠানিকায়ন একমাত্র গণতন্ত্রেই সম্ভব। বস্তুত ক্ষমতার দ্বন্দ্ব এবং রজনৈতিক প্রতিযোগিতার জন্য লিখিত নিয়মকানুনের পাশাপাশি অলিখিত বিধিবিধান প্রতিষ্ঠিত গণতন্ত্রে লক্ষণীয়। এসব অলিখিত বিধান পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, দলীয় ব্যবস্থা, নির্বাচনী রাজনীতি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সংসদীয় দরকষাকষি এবং রাজনৈতিক পরিভাষা ও প্রতিবাদে প্রতিফলিত হলে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। এভাবে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ইতিবাচক ভূমিকা পালনে প্রয়াসী হয়। এর প্রকাশ ঘটে গণতন্ত্র বিনির্মাণে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মিডিয়া ও একাডেমিক প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্ম সম্পাদনে এবং তদারকি প্রতিষ্ঠানগুলোর ক্রিয়াশীলতার মাধ্যমে।দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে অলিখিত বিধিবিধানের প্রতি আস্থাশীলতা এবং সমঝোতা গত দুই দশকের গণতন্ত্রচর্চার ক্ষেত্রে পরিদৃষ্ট হয়নি। রাষ্ট্রের মৌল বিষয়ে মতানৈক্য এবং সংঘাতপূর্ণ দলীয় রাজনীতি অসহনশীল রাজনৈতিক সংস্কৃতির ধারক হওয়ায় রাষ্ট্রীয় পরিসরে এবং দলীয় কাঠামোয় গণতন্ত্রের চর্চা বিঘ্নিত করেছে ও বিকাশ ঘটিয়েছে ক্ষমতার ব্যক্তিগতকরণকে। এ প্রেক্ষাপটে নতুন প্রজন্মের মধ্যেও পারস্পরিক অসহযোগিতা ও সহিংস রাজনীতির বিষয়ে সামাজিকীকরণ ঘটেছে। ফলে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি প্রণয়ন, মানবাধিকার ও মানব-নিরাপত্তা অর্জন, আইনের শাসন, অংশগ্রহণমূলক উন্নয়ন, সহস্রাব্দের লক্ষ্য নির্ণয় এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা জটিল সমস্যায় আবর্তিত হয়েছে।১৯৯১ সালে যে প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রে উত্তরণ ঘটিয়ে ইতিবাচক রাজনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করেছিল, সে প্রক্রিয়াটি পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত নিরসনে কোনো ভূমিকা রাখেনি। জাতীয় নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রতি পরাজিত পক্ষের আস্থার অভাব সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার-মেকানিজমকে ম্লান করে তুলেছে। রাজনৈতিক দ্বন্দ্বের চরম পরিণতি হয়েছে ‘ওয়ান-ইলেভেন’ সৃষ্টির মাধ্যমে, যা এ দেশকে টেনে নিয়ে গেছে অনেক বছর পেছনে। এ ক্ষতি অপূরণীয়। ওয়ান-ইলেভেনের পর দুই বছরের রাজনৈতিক অনিশ্চয়তা শেষে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নতুন আশার সঞ্চার করে। নির্বাচনের প্রাক্কালে প্রধান দুই রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে গণতন্ত্রকে কার্যকর করার জন্য যথাযথ কৌশল অবলম্বনের অঙ্গীকার করা হয়। নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত হয়েছে এবং সুশাসনসহ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ। তবে গণতন্ত্রকে ক্রিয়াশীল করার ক্ষেত্রে গত ১৮ মাসের অভিজ্ঞতা ইতিবাচক নয়। বর্ণিত নেতিবাচক উপাদানগুলো এখনো সক্রিয় রয়েছে। গণতন্ত্রের স্বার্থে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিকল্প নেই। অতএব, দেশের রাজনৈতিক ও সংসদীয় প্রক্রিয়ায় সরকার ও বিরোধী দলের অর্থপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুশাসনের জন্য অত্যাবশ্যক। ড. আল মাসুদ হাসানউজ্জামান: অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়