সরকার কখনো পাটের মূল্য নির্ধারণ করেনি: পাট ও বস্ত্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, সরকার কখনোই পাটের মূল্য ধার্য করেনি। তাই পাটের ‘মূল শাঁসটা’ মধ্যস্বত্ব ভোগীরাই পায়। গত পাট মৌসুমেও এর ব্যতিক্রম ঘটেনি।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার পাটের মূল্য ঠিক না করায় দেশীয় ও বৈদেশিক বাজারে চাহিদা যা-ই থাক, ‘মূল শাঁসটা’ মধ্যস্বত্ব ভোগীরাই পেয়ে থাকে।এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অন্য এক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, কৃষকের হাত থেকে মজুদদারের হাতে পাট জমা হওয়া, বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়া, একই সঙ্গে পাট পরিবেশবান্ধব হওয়ায় বাজার অস্থির হয়ে পড়ে। কাঁচা পাট দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত কেনা-বেচা হয়েছে। এই মূল্য কোনোমতেই কাম্য হতে পারে না। কৃষকেরা এতে উপকৃত হন না।চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী সংসদে জানান, দেশের বাজারে খাদ্য, কৃষি উপকরণ, চিনি, সারসহ বিভিন্ন পণ্য উত্পাদন ও বিতরণের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে প্যাকিং কাজে পাটজাত দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য ‘পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিজিএমসির নিয়ন্ত্রণাধীন মিলগুলোর পাটক্রয় খাতে বাকেয়া দেনার পরিমাণ ১২৫ কোটি ৫৫ লাখ টাকা।