বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যারা কটূক্তি করেছে, তাদের সাজা না দিয়ে সরকার জামাই-আদর করছে। সরকার কটূক্তিকারীদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের আন্দোলনে বাধা দেওয়ার নানা চেষ্টাও চালাচ্ছে।সাতক্ষীরার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।সাতক্ষীরা সফরকালে গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ ও ৪ মার্চের সহিংসতায় সদর ও কলারোয়া উপজেলায় নিহত ১২ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেন তিনি। ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রতিটি পরিবার থেকে একজনের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিরোধীদলীয় নেতা।সদরের সমাবেশে খালেদা জিয়া প্রায় ৪০ মিনিট বক্তব্য দেন। তিনি বলেন, নবীজি সম্পর্কে এমন সব কটূক্তি করা হচ্ছে, যা মুখে আনাও পাপ। হেফাজতে ইসলাম কটূক্তিকারীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি বানচালে সরকার নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। হরতাল দিয়ে অরাজকতা সৃষ্টি করছে।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘হরতাল হয়েছে, আরও হরতাল হবে। কিন্তু বিএনপি হরতাল দিতে চায় না। সরকারকে বলব, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তাহলে আর হরতালের প্রয়োজন হবে না।’খালেদা জিয়া আরও বলেন, ‘আমি নাকি এক নম্বর টার্গেট। এসব ভয় দেখাবেন না। ভয় দেখিয়ে লাভ হবে না। আমাকে হুকুমের আসামি করবেন? হুকুমের আসামি করা হবে আপনাকে (প্রধানমন্ত্রী)।’ তিনি আরও বলেন, দেশ অচল হয়ে গেছে। এই সরকার ডুবন্ত, এদের পায়ের নিচে মাটি নেই। এই দুর্বল সরকারকে রাখা যায় না।খালেদা জিয়া শাহবাগে আন্দোলনরত তরুণদের উদ্দেশে বলেন, এই সমাবেশে যারা এসেছে, তারাই আসল তরুণ। টাকাপয়সা দিয়ে ভাড়া করে এনে নাচ-গান করালেই হয় না, ওরা আসল তরুণ না। হরতালের সময় পুলিশের গুলিতে নিহতের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হরতালের সময় কি মিছিল করা যাবে না, পিকেটিং করা যাবে না?’ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার একদলীয় সরকার চায়। এ জন্য দল নিষিদ্ধ করতে চায়।সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘শুনতে পাচ্ছি, দুর্নীতিবাজ এই সরকারের অনেকেই নাকি বিদেশে বাড়ি-গাড়ি কিনছেন, পরিবার পাঠিয়ে দিচ্ছেন। কেউ কেউ তো টিকিট পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের অনেকেই জড়িত।’সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ হরতাল দিয়েছে। অথচ বিএনপি হরতাল দিলে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ নানা ধরনের কথা বলে।জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আবদুল মঈন খান, সেলিমা রহমান ও ওসমান ফারুক, জামায়াতের জেলা আমির আবদুল খালেক, সাংসদ শামসুল ইসলাম প্রমুখ।দুপুরে খালেদা জিয়া জেলার কলারোয়া উপজেলায় জি কে এম কে পাইলট মডেল স্কুলে আরেকটি পথসভায় বক্তব্য দেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলে উল্লেখ করে তাঁর বিচার দাবি করেন। তিনি সরকারকে খুনি, জালিম ও রক্তপিপাসু বলে মন্তব্য করেন।দুপুরে যশোর সার্কিট হাউস থেকে বের হয়ে খালেদা জিয়া প্রথমে কলারোয়ায় যান। সেখানে পথসভায় ভাষণ দেন। এরপর সদরে আসেন। খালেদা জিয়াকে স্বাগত জানাতে যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দুই পাশে ১৮ দলের নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। তবে মানবতাবিরোধী অপরাধী ও অভিযুক্তদের মুক্তির দাবিতে নারীদের ব্যানার ও পোস্টার হাতে অবস্থান সবার নজর কাড়ে।