সরকার কঠোর, সক্রিয় আ.লীগ
বিএনপি ও জামায়াতের ডাকা আজ বৃহস্পতিবারের হরতালে নৈরাজ্য ও সহিংসতার চেষ্টা করা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সরকারি সিদ্ধান্তে হরতালের সময় রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সক্রিয় থাকবেন ভ্রাম্যমাণ আদালতও।পাশাপাশি রাজনৈতিকভাবেও হরতাল মোকাবিলার সিদ্ধান্ত নিয়ে দলীয় কর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পালিত অন্য হরতালে ‘হরতালবিরোধী শান্তি মিছিল বা সমাবেশ’ করার পুরোনো রাজনৈতিক রেওয়াজ অনুসরণ করেনি আওয়ামী লীগ। আজকের হরতালে এর ব্যত্যয় ঘটছে। কোথাও বিরোধী দলের মিছিল বা ভাঙচুর হলে সংশ্লিষ্ট শাখা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির হরতালকে ইস্যুবিহীন মন্তব্য করে নেতা-কর্মীদের পাড়ায়-মহল্লায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় প্রতিবাদ সমাবেশ তিনি বলেন, ‘সজাগ থাকবেন, কেউ যাতে নাশকতা ঘটাতে না পারে। সজাগ থাকলে শান্তিপূর্ণভাবে তা মোকাবিলা সম্ভব।’পুলিশের প্রস্তুতি: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালে গাড়ি পোড়ালে বা সন্ত্রাস-নৈরাজ্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গতকাল বুধবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের বৈঠকেও এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে ডিবির দুই উপকমিশনারসহ (ডিসি) মহানগর পুলিশের সব অপরাধ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে উপকমিশনার (ডিসি) পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, হরতাল চলাকালে ফৌজদারি অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত হয়। হরতালকারীদের কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড চালানোর সুযোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বিঘ্নে বিপণিবিতান খোলা রাখা কিংবা যানবাহন চলাচলে পুলিশ সহায়তা করবে বলে সভা থেকে জানানো হয়।আজকের হরতালে পুলিশের আটটি অপরাধ বিভাগের আওতায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। সচিবালয় ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। টহল পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স তৎপর থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করতে প্রস্তুত থাকবে।এ সময় গত সোমবার জামায়াতের হামলার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, ‘আমরা প্রস্তুত আছি। তারা (হরতাল আহ্বানকারীরা) কৌশল পরিবর্তন করতে পারে। আমরাও সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।’ভ্রাম্যমাণ আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, হরতালে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন। আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, হরতাল সামনে রেখে গতকাল বিকেল থেকেই ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন। ১০টির মধ্যে আটটি আদালতে থাকবে পোশাকধারী পুলিশ সদস্যরা, বাকি দুটি আদালতে সাদা পোশাকে থাকবেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। কোথাও কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে এসব আদালত তাৎক্ষণিকভাবে বিচারের ব্যবস্থা করবেন।গত ১০ জুলাইয়ের হরতালে ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে ২৭ জনকে এবং ৬ জুলাইয়ের হরতালে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন।আওয়ামী লীগ তৎপর: সূত্র জানায়, হরতালের সময় দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেও আওয়ামী লীগ হরতালবিরোধী কোনো শান্তি মিছিল করবে না। তবে কোথাও বিরোধী দলের মিছিল বা ভাঙচুর হলে সংশ্লিষ্ট শাখা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করবে। তবে বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের মুখোমুখি অবস্থানে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।সৈয়দ আশরাফ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা মরতেও চাই না, মারতেও চাই না। আমরা মিছিলের নামে হানাহানি বা কমান্ডো হামলায় বিশ্বাস করি না। আমরা শান্তি চাই। এটাই শেখ হাসিনা সরকারের মূল কথা।’জামায়াতের তৎপরতা বিশ্লেষণ: সূত্র জানায়, জামায়াতে ইসলামীর গত সোমবারের সহিংসতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করছে সরকার। কেন জামায়াতের এই প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কিছু জানাতে পারল না, তা নিয়েও আলোচনা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিতে জামায়াত আইনি মোকাবিলার ঘোষিত পথ থেকে কিছুটা সরে এসে রাজপথে মোকাবিলা করবে বলে পত্রপত্রিকায় খবর ছাপা হলেও সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি বলে এখন বিশ্লেষণে বেরিয়ে এসেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাগুলো এখন হঠাৎ করে পুলিশের ওপর এই হামলা করার কারণ অনুসন্ধান করছে।গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে বৈঠক করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে পুলিশ কর্মকর্তারা জানান, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পুলিশ হত্যা করা। গোয়েন্দাপ্রধানেরা বৈঠকে জানান, গত ৪০ বছরে পুলিশের ওপর এ ধরনের হামলা হয়নি। ছদ্মবেশে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের চারপাশে অবস্থান নিয়ে অতর্কিতে হামলা করেন। এ রকম হামলায় অনভ্যস্ত পুলিশ হকচকিয়ে যায়। বৈঠকে জামায়াতের এই নতুন ধারার আক্রমণের বিষয়টি মাথায় রেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।সূত্র জানায়, আওয়ামী লীগের উচ্চপর্যায়ও জামায়াতের হঠাৎ মাঠ গরম করার বিষয়টির রাজনৈতিক দিক বিশ্লেষণ করছে। আগামীকাল দলীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ ব্যাপারে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এ বিষয়ে কয়েকবার কথা হয়েছে দলের উচ্চপর্যায়ের নেতাদের। তবে আওয়ামী লীগের নেতারা মাঠে-ময়দানে বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেন, বিক্ষোভ মিছিলের আড়ালে জামায়াতে ইসলামী সোমবার পুলিশ হত্যা করতে চেয়েছিল। এ জন্য তারা পূর্বপরিকল্পনামতো পুলিশের ওপর কমান্ডো স্টাইলে হামলা করে। যুদ্ধাপরাধীদের জেল থেকে বিকল্প উপায়ে বের করার মহড়া ছিল এটি।জামায়াতে ইসলামীর সহিংসতার প্রতিবাদে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, জামায়াত একযোগে ঢাকাসহ সারা দেশে সহিংস কার্যক্রম ঘটিয়েছে। চট্টগ্রামে তারা পুলিশের ওপর গুলি করেছে। এটা অশনিসংকেত। ১৯৭১ সালেও জামায়াত কমান্ডো স্টাইলে মানুষ হত্যা করেছে। তারা জেনে গেছে, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। তাই তারা চেষ্টা করবে কমান্ডো স্টাইলে যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করে নিতে।সৈয়দ আশরাফ বিএনপির হরতাল সম্পর্কে বলেন, জামায়াত ঘরানার বিএনপিপন্থী একজন পত্রিকা সম্পাদকের পীড়াপীড়িতে খালেদা জিয়া একক সিদ্ধান্তে হরতাল ডেকেছেন। বিএনপির নীতিনির্ধারকেরা হরতাল ডাকতে চাননি। সৈয়দ আশরাফ বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার এ হরতালে আপনারা অংশ নেবেন না। কারণ, যুদ্ধাপরাধীদের বিচার করা সবার নৈতিক দায়িত্ব। আপনারা হরতাল না করলে এ বিচার ত্বরান্বিত হবে।’সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সমালোচনা করে বলেন, ‘ম্যাডামের নির্দেশে তিনি সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত মাইক নিয়ে কা-কা করছেন। এ রকম কাউয়া আমরা অনেক দেখেছি। কোনো লাভ হবে না। মানুষের কাতারে আসেন।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘জামায়াত মানেই নৈরাজ্য আর ধ্বংস। খালেদা জিয়া জামায়াতের সঙ্গে প্রেমের প্রকাশ ঘটাতে হরতাল ডেকেছেন।’স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হরতাল দিয়ে তারেক-কোকোর দুর্নীতি আর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।