সরকার কিছু বলছে না, প্রেসনোটও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের কয়েক দিনের টানা সন্ত্রাস, সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনায় দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে থাকলেও সরকার কিছু বলছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভাষ্য বা প্রেসনোট নেই। সরকারি দল আওয়ামী লীগও কোনো বক্তব্য-বিবৃতি দিচ্ছে না।গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে জামায়াত-শিবিরের টানা সন্ত্রাস চললেও সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এর আগে যেকোনো বড় ঘটনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং দেওয়া হতো, পুলিশের ভাষ্য পাঠানো হতো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেসনোট পাঠাত। কিন্তু গত কয়েক দিনের ঘটনায় সরকারের নীরবতায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি জামায়াত-শিবিরের হামলায় পুলিশের ছয়জন সদস্য নিহত হলেও পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিষয়টি নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এ বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য দেবেন।বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ নিরাপদ বোধ করছে না। সহিংসতা ছড়িয়ে পড়ছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করলেও রাজনৈতিকভাবে কোনো আলোচনার উদ্যোগ নেই। এ ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাচ্ছে না। তবে বিভিন্ন মন্ত্রী ও নেতা গণমাধ্যমের সঙ্গে বিক্ষিপ্তভাবে কথা বললেও তাতে সরকারের অবস্থান পরিষ্কার হয়নি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, জনগণের জানমাল রক্ষায় সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। সরকার চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের। তবে সরকারের পক্ষ থেকে কেন কিছু বলা হচ্ছে না, তা বোধগম্য নয়। বিবৃতি বা প্রেসনোটের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করা উচিত।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে জাতীয় সংসদ কাজ করছে না। এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত এবং সরকারি ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত।’ তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা সরকারের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। সবার এগিয়ে আসা উচিত। কিন্তু সরকার কেন নীরব, তা আমি বলতে পারব না।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মন্ত্রী জানান, সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বক্তব্য-বিবৃতি থাকা উচিত ছিল। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেসনোট দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ জনগণকে অবহিত করতে পারত। এক প্রশ্নের জবাবে একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, ‘আমি কী বলব। দায়িত্ব যাঁদের ওপর, তাঁরা তো কিছু বলছেন না।’সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ে কিছু বলা হচ্ছে না। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মানুষ উদ্বিগ্ন। সরকারের বক্তব্য থাকা উচিত।’