সরকার কী ব্যবস্থা নিচ্ছে জানতে চায় বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়ে সচিবকে চিঠি দিয়েছে বিশ্বব্যাংক। মন্ত্রণালয় ও দাতাদের সূত্রে এ তথ্য জানা গেছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।বিশ্বব্যাংকের চিঠি পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় যখন তদন্ত শুরু করেছে, তখন সরকারের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনকে নাকচ করে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ছাপাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এভাবে নিজেদের দুর্নীতি ধামাপাচা দিতে সরকারি অর্থ খরচ করছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির বিশ্বব্যাংকের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্ম-সূচিতে ইউএসএআইডি, জাইকা, বিশ্বব্যাংকসহ বেশ কিছু দাতা সংস্থার আর্থিক সহায়তা রয়েছে। দাতাদের অর্থের সমন্বয় করে বিশ্বব্যাংক। দাতাদের একটি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংক স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চেয়েছে। চিঠির সঙ্গে প্রথম আলোর তিনটি প্রতিবেদন জুড়ে দেওয়া হয়েছে।চিঠিতে বিশ্বব্যাংক বলেছে, নিরীক্ষায় ফরেন এইড প্রজেক্টস অডিট ডিরেক্টরেট (ফাপাদ) বেশ কিছু আপত্তি তুলে ধরেছে। এর মধ্যে ১৩-১৪টি অনিয়ম গুরুতর। এ নিয়ে সংবাদপত্রেও লেখা হয়েছে। এসব আপত্তি কীভাবে নিষ্পত্তি হচ্ছে, তা চিঠিতে জানতে চাওয়া হয়।ধামাচাপা দিতে বিজ্ঞাপন: প্রথম আলোতে প্রকাশিত তিনটি ধারাবাহিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ‘স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবাদ বিজ্ঞপ্তি’ শিরোনামে বিজ্ঞাপন ছেপে চলেছে। বিজ্ঞাপনে প্রথম আলোর নাম উল্লেখ না করে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি জাতীয় দৈনিকে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে।স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে ‘সরকারি নীরিক্ষা: এক বছরে ১৫১ কোটি টাকা লুটপাট’; ‘মহাপরিচালকের মহাকাণ্ড’ এবং ‘আকারে ছোট দুর্নীতিতে বড়’ শিরোনামে তিনটি প্রতিবেদন প্রথম আলোতে ছাপা হয় ৮, ১১ ও ১২ ফেব্রুয়ারি। মূলত ফাপাদের নিরীক্ষায় পাওয়া তথ্য প্রতিবেদনে ছাপা হয়। প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানও ছিল। স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন কয়েকটি প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করে আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য ছাপা হয়।নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ফাপাদ সাংবিধানিক প্রতিষ্ঠান। এর বিষয়ে কোনো মতামত গণমাধ্যমে প্রকাশ করার আইনি অধিকার সরকারি কর্মচারী-কর্মকর্তাদের নেই।এদিকে স্বাস্থ্যসচিব দুর্নীতি তদন্তে দুটি কমিটি করেছেন। কমিটি দুটি গত সপ্তাহ থেকে কাজ শুরু করেছে। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির। শোনা যাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের একশ্রেণীর কর্মকর্তা ও চিকিৎসক নেতার ইচ্ছায় সবিচকে খুব শিগগির মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে।দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সিরিজ প্রতিবেদনের প্রতিটিই ক্লিপিং করা হয়েছে। কমিশন ইতিমধ্যে এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে।ব্যাখ্যা ও প্রতিবাদ: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ ৮ ফেব্রুয়ারির প্রতিবেদনের ব্যাখ্যায় বলেছেন, কার্যপরিকল্পনার লাইন ডিরেক্টর হিসেবে ফাপাদের নিরীক্ষায় তাঁর নাম এসেছে। তবে এসব কেনাকাটা তাঁর সিদ্ধান্তে হয়নি। নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ব্যাপারে ব্যাখ্যাও দেওয়া হয়েছে।একই প্রতিবেদনের প্রতিবাদ করেছেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান মো. আবদুল ওয়াহিদ আকন্দ। প্রতিবাদপত্রে তিনি বলেন, ২০১১-১২ অর্থবছরে পোস্টার ছাপানোর ব্যাপারে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না।ওয়াহিদ আকন্দ নিজে প্রথম আলোর কাছে প্রতিবাদপত্র পাঠালেও তাঁর কার্যালয় থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।