সরকার কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কৃষির পুনর্বাসনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হাওর এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এতে হাওর এলাকার ফসল রক্ষা, শিক্ষা, চিকিত্সাসহ যোগাযাগের উন্নয়ন সবই থাকবে। সরকারের নীতি হলো, ‘জল যার জলা তার’। এই নীতি অনুযায়ী জেলেরা জলমহাল পাবেন আগে।আজ বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলে অকাল বন্যায় প্রায়ই ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষকেরা তাঁদের ফসল হারান। তাঁরা যাতে দাঁড়াতে পারেন, সে জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে। সহজে কৃষি ভুর্তকিসহ সব সহায়তা পাওয়ার জন্য মাত্র ১০ টাকায় কৃষকদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে, কোনো মানুষ যাতে অনাহারে না খেয়ে থাকে সেজন্য কাজ করা। স্বাধীন বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না।’ শেখ হাসিনা আরও বলেন, ‘আমার বাবা-মাসহ পরিবারের সদস্যরা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন। প্রয়োজনে আমিও মানুষের কল্যাণে, দেশের জন্য জীবন উত্সর্গ করব। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই মানুষের মুখে হাসি ফোটে। যেখানেই দুঃখ-কষ্ট, সেখানেই আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা সাধারণ মানুষের পাশে আছি।’প্রধানমন্ত্রী দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসেন। পরে তিনি কৃষক সমাবেশে যোগ দেন। কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবশে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মতিউর রহমান, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক সাঈদ আলী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী, কৃষক রনজু মুখার্জি প্রমুখ।পরে প্রধানমন্ত্রী ২০ জন কৃষকের হাতে সার ও বীজধান তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার তিন লাখ ৮৫ হাজার কৃষকের মধ্যে ৫০ কোটি টাকার সার ও বীজধান বিতরণ করা হবে।