সরকার ক্রমাগত আত্মসমর্পণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ক্রমাগত হেফাজতে ইসলামের কাছে আত্মসমর্পণ করছে। তিন ব্লগারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটিই স্পষ্ট হয়ে উঠেছে। তবে এ ধরনের অবস্থান সুফল বয়ে আনবে না। তিন ব্লগারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘সাধারণ ব্লগারদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। একই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানবন্ধন করেছেন তাঁরা। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ব্লগার সুব্রত শুভসহ তিন ব্লগারের মুক্তির দাবিতে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও ব্লগার ফাহমিদুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাসেল পারভেজ আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হতে প্রতিদিনই শাহবাগে আসতেন। অন্য দুই ব্লগারও প্রথম থেকেই অনলাইনে এবং শাহবাগে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সক্রিয় ছিলেন। কিন্তু ডিবি পুলিশ দাবি করছে, শাহবাগ আন্দোলনের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। যেখানে সারা দেশে ব্লগাররা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির হামলার শিকার হচ্ছে, সেখানে ব্লগারদেরই গ্রেপ্তার করার এ ধরনের বক্তব্য হতাশাজনক। ফাহমিদুল হক বলেন, শাহবাগ আন্দোলনের চেতনা নস্যাত্ করতে মৌলবাদী প্রতিক্রিয়াশীল অপশক্তি এই আন্দোলনকে ইসলামবিরোধী আন্দোলন হিসেবে অপপ্রচার চালিয়েছে। ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। ব্লগার হত্যা করে সেই হত্যার বৈধতা দিয়েছে একটি বিশেষ পত্রিকাকে ব্যবহার করে। যে পত্রিকাটির বিরুদ্ধে শাহবাগ আন্দোলন নিয়ে মিথ্যাচার ও ‘হলুদ সাংবাদিকতার’ সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও নিরীহ ব্লগারদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। একদিকে মৌলবাদীরা ব্লগারদের টুকরো টুকরো করে হত্যার ঘোষণা দিচ্ছে, আরেক দিকে সরকার ব্লগারদের হয়রানি করতে, গ্রেপ্তার, সেন্সরশিপ ইত্যাদি ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এই ভূমিকাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফাহমিদুল হক বলেন, প্রতিক্রিয়াশীল অপপ্রচারকারীদের সমর্থন দিয়েই যেন ব্লগারদের এখন গ্রেপ্তার করছে সরকার। এই প্রক্রিয়া চলতে থাকলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের অস্তিত্বের জন্য বিপজ্জনক হবে। অবিলম্বে গ্রেপ্তার হওয়া ব্লগারদের মুক্তি ও সেই সঙ্গে ‘আমার ব্লগ’-এর ওপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে ব্লগার আরিফ জেবতিক বলেন, সাম্প্রতিক কোনো লেখার জন্য এদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটি শাহবাগ গণজাগরণের মধ্য দিয়ে ব্লগারদের নাস্তিক বানানোর চক্রান্তের কর্মসূচির অংশ।ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় স্বার্থে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্টের সংগঠক বাকি বিল্লাহ বলেন, ‘ব্লগারদের নিপীড়নের মধ্য দিয়ে সরকারের অন্য কোনো পক্ষকে সন্তুষ্ট করার অবস্থান আছে কি না, জানি না, তবে এ ধরনের অবস্থান সুফল বয়ে আনবে না।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্লগার একরামুল হক, আবু মুস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তাঁরা। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং পক্ষের শক্তিকে এক করে ফেলা হচ্ছে। ব্লগারদের নিপীড়ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সরকার পেছনের রাস্তা দিয়ে অন্ধকার পথে পার পাবে না। ব্লগারদের সঙ্গে বাংলার সাধারণ মানুষ রয়েছে সেটা গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্য দিয়েই প্রমাণিত হয়। বাকি বিল্লাহর সঞ্চালনায় মানবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জুবায়দা নাসরিন, শিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যান রফিক উল্লাহ খান, বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, শিশির ভট্টাচার্য, ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক উন্মেষ রায়, শহীদ জাহানারা ইমাম স্কোয়াডের সংগঠক মনিরুদ্দীন আহমেদ তপু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।