সরকার খাদ্যশস্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চায়: খাদ্যমন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, সরকার যেকোনো মূল্যে খাদ্যশস্যের সরবরাহ নিশ্চিত করে তা জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চায়। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে উত্পাদন বাড়াতে হবে। বর্তমান সরকারের উদ্দেশ্য হলো, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা।আজ শনিবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কৃষিতত্ত্ববিদ সমিতির ১০ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশে প্রতিকূল প্রতিবেশে কৃষি উত্পাদন’ শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষিতত্ত্ববিদ সমিতির সভাপতি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল।খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। ২০১২ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। ২০১৭ সালের মধ্যে দারিদ্র্যসীমার নিচের লোকসংখ্যা কমিয়ে নিয়ে আসব। ২০২১ সালের মধ্যে এমডিজির সব লক্ষ্য পূরণ করব। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার যে বিরাট চ্যালেঞ্জ সরকারকে মোকাবিলা করতে হচ্ছে, আমি মনে করি, কৃষিবিদেরা এতে বিরাট ভূমিকা রাখতে পারেন। তাঁরা খাদ্য উত্পাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আমদানির ব্যয় কমিয়ে আনতে পারেন। আমাদের খাদ্য উত্পাদন বৃদ্ধির ক্ষেত্রে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে এবং সেগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকারের গৃহীত নীতি ও নানা কর্মসূচির কারণেই আজ গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারিত হয়েছে। তারই প্রতিফলন হলো মানুষ এক দিনের আয় দিয়ে আজ সাত থেকে আট কেজি চাল কিনতে পারছে। এটাই সরকারের সাফল্য। দেশের জ্বালানি ও খাদ্য আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সরকারকে ব্যয় করতে হচ্ছে। আর এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে এবং সরকারের অর্থ সংকটের সৃষ্টি হয়েছে। কৃষি উত্পাদন বাড়াতে প্রতিবন্ধকতাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এরই আলোকে গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, সাংসদ আবদুল মান্নান, সমিতির সাধারণ সম্পাদক নুর আহমেদ খন্দকার ও আজিজুর রহমান প্রমুখ।