বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার সেনানিবাস বা গুলশানের বাড়ি নয়, খালেদা জিয়াকে বাংলাদেশ থেকেই বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সরকার প্রভুদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘দেশের চলমান সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।সরকার পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ করেছে—এ অভিযোগ করে তিনি বলেন, ‘এই দেশে গণতন্ত্র চালু আছে সেটা কে বলবে? এটা গণতান্ত্রিক রাষ্ট্র নয়, রাষ্ট্র চলছে হিটলার-মুসলিনীর আদলে, কেবল কৌশলটা ভিন্ন।’ খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার বলছে বিরোধী দল খামাখা ইস্যু সৃষ্টি করে আন্দোলন করছে। আন্দোলন তো এখনো শুরুই হয়নি। একদিন হরতালসহ ছোটখাটো দু-একটি কর্মসূচি পালন করা হয়েছে মাত্র। কিন্তু তাও তো তারা পালন করতে দেয়নি। এর মূল কারণ হচ্ছে, তাদের কোনো গণভিত নেই। জুলুম-নির্যাতন চালিয়ে জনসমর্থন আদায় করা যায় না।’বিএনপির মহাসচিব বলেন, কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির বরাদ্দ বাতিল করা হয়, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রভুদের প্রকল্প বাস্তবায়নে যারাই বাধা হবে, তাদের নির্মূল করে দেওয়া। খোন্দকার দেলোয়ার আরও বলেন, আওয়ামী লীগ কোনো দিনই গণতান্ত্রিক আচরণ করেনি। মুক্তিযুদ্ধে তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের দলের প্রধানকে পাকিস্তানের সেনাবাহিনী ধরে নিয়ে গিয়েছিল। বাকি নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন। দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। তাঁরাই এখন নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত একটা সুপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, যা পরবর্তী কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত মুজিব-ইন্দিরাসহ তাদের সঙ্গে করা কোনো চুক্তিই আমাদের অনুকূলে হয়নি। উল্টো ফেনসিডিল, গাঁজা, ইয়াবা এ দেশে পাঠিয়ে তারা আমাদের মস্তিষ্ক অকেজো করে দিচ্ছে।’ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে গোলটেবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মাসিক মদীনার সম্পাদক মাওলানা মহিউদ্দীন খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।