সরকার গণতন্ত্রে বিশ্বাসী, পৌর নির্বাচনেই এর প্রতিফলন ঘটেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে; গত পৌরসভা নির্বাচনে এর প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণভাবে কোনো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দেশের কোথাও নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।আজ শনিবার সন্ধ্যায় গণভবনে কানাডার ইন্টারন্যাশনাল কো-অপারেশন মিনিস্টার বিভারলে জে ওডার সঙ্গে আলোচনাকালে শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনোভাবেই পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে এই নির্বাচন পরিচালনা করেছে।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, কানাডার মন্ত্রীর সঙ্গে আলোচনাকালে দ্বিপক্ষীয় বিষয়াদি এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও কানাডার সহযোগিতার বিভিন্ন বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়।বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে ওডা বলেন, গত দুই বছরে বর্তমান সরকারের আমলে যে আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। ওডা বাংলাদেশের কৃষি, নারী ও শিশুদের উন্নয়নে তার সরকারের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।আলোচনাকালে শেখ হাসিনা জনগণের জীবনের মান উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সেসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কানাডার সফররত মন্ত্রীকে অবহিত করেন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় তাঁর সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের নদ-নদী খননের জন্য ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ খননকাজ শুরু হয়েছে। এ ছাড়া গরিব সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া কর্মসূচির কথা তিনি উল্লেখ করেন।এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, ই আরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত রবার্ট মেগ ডগাল উপস্থিত ছিলেন।