সরকার গরিব নারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ বাতিল করবে। এই ব্যাংকের মালিক গরিব নারীদের ক্ষমতা তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এটাই হবে উত্তম।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।২ আগস্ট ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব এবং সরকার-নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই অধ্যাদেশ জারি করেন। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গত বুধবার রাতে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২ গেজেট আকারে প্রকাশ করা হয়। মওদুদ আহমদ বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো ব্যক্তি এত বড় গৌরব বাংলাদেশের মানুষের জন্য আনেননি, যেটা অধ্যাপক ইউনূস এনেছেন। সরকার হলো ৩ শতাংশ শেয়ারহোল্ডার। এই ব্যাংকের মালিক হলো বাংলাদেশের গরিব মহিলারা, বিশেষ করে প্রায় ৮০ লাখ মহিলা। আজকে সরকার নতুন অধ্যাদেশ করে গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গরিব মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নিরীহ, নিগৃহীত মহিলাদের বিরুদ্ধ আজকে যুদ্ধ ঘোষণা করেছে।’ এই অধ্যাদেশের মাধ্যমে সরকার অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতোই গ্রামীণ ব্যাংক চালাতে চাইছে বলে মন্তব্য করেন মওদুদ।এ অধ্যাদেশের ফলে এই ব্যাংকের এমডি নিয়োগের জন্য ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সঙ্গে পরামর্শ করে একটি বাছাই কমিটি গঠন করবেন। এ কমিটি এমডি পদের জন্য তিনজনের একটি প্যানেল ঠিক করে সুপারিশ করবে, যেখান থেকে একজনকে এমডি নিয়োগ করা হবে।গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুসারে এমডি নিয়োগের এখতিয়ার পরিচালনা পর্ষদের (বোর্ড) কাছে ছিল। ক্ষুদ্রঋণ গ্রহীতা নারীদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এমডি নিয়োগের জন্য পরিচালনা পর্ষদ একটি বাছাই কমিটি করে দেওয়ার কথা। ওই কমিটি একটি তালিকা পরিচালনা পর্ষদকে দেবে। পরে পর্ষদ একজনকে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংককে জানানোর কথা।কিন্তু নতুন সংশোধনী অনুযায়ী, পর্ষদের এই ক্ষমতা আর থাকল না। সরকারনিযুক্ত চেয়ারম্যান এ বিষয়ে অধিক ক্ষমতা পেয়েছেন। সংশোধনীতে মূল অধ্যাদেশের (গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩) ১৪ ধারার দুটি উপধারা সংশোধন করা হয়েছে। এর প্রথমটিতে বলা হয়েছে, চেয়ারম্যান বোর্ডের সঙ্গে পরামর্শ করে এমডি নিয়োগের উদ্দেশ্যে প্রার্থী বাছাইয়ের জন্য একটি বাছাই কমিটি গঠন করবেন। এ কমিটির সদস্য তিনজনের কমও হবে না আবার পাঁচজনের বেশিও হবে না।সংশোধনীর দ্বিতীয় উপধারায় বলা হয়, এ বাছাই কমিটি এমডি নিয়োগের জন্য প্রার্থী বাছাই করে তিনজনের একটি প্যানেল সুপারিশ করবেন এবং বাছাই করা ব্যক্তিদের গ্রামীণ অর্থনীতি ও অর্থায়ন অথবা ক্ষুদ্রঋণের বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গড়া গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ-প্রক্রিয়া এক বছর ধরে চূড়ান্ত করা যাচ্ছিল না। এমডি নিয়োগে বাছাই কমিটিই গঠন করতে পারেনি পরিচালনা পর্ষদ। পর্ষদের অধিকাংশ সদস্যের প্রস্তাবিত বাছাই কমিটি মানেননি পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। এ জন্য এক বছর ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে গ্রামীণ ব্যাংক। এখন সরকার চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে অধ্যাদেশ সংশোধন করল।