সরকার গ্রামীণ ব্যাংক বন্ধের ষড়যন্ত্র করছে: রফিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেছেন, সরকার প্রতিহিংসার বশে গ্রামীণ ব্যাংক বন্ধের ষড়যন্ত্র করছে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গ্রামীণ ব্যাংক নিয়ে গঠিত তদন্ত কমিশন বাতিল ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আলোচনা ও কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র এবং বাংলাদেশ প্রজন্ম একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।রফিকুল ইসলাম মিয়া বলেন, গ্রামীণ ব্যাংক বন্ধ করার সরকারের কোনো আইনগত অধিকার নেই। সরকার যত চেষ্টাই করুক, এ ব্যাংক বন্ধ করতে পারবে না। বিএনপির এই নেতা বলেন, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকসহ সরকারের আর্থিক প্রতিষ্ঠানগুলো যেখানে ধ্বংসের মুখে, সেখানে গ্রামীণ ব্যাংক ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান। এটি শুধু একটা প্রতিষ্ঠান নয়, একটি মডেল। দারিদ্র্য বিমোচন, বিশেষত, নারীদের অর্থনৈতিক উন্নয়নে এটি আদর্শ নজির স্থাপন করেছে। ব্যাংকটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হলে এবং খণ্ডবিখণ্ড করা হলে অন্যান্য সরকারি ব্যাংকের মতো এটিও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক সরকারের প্রতিহিংসা ও রাজনীতির শিকার বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক কীভাবে চলবে, তা এর শেয়ারহোল্ডাররা ঠিক করবেন। এটিই হওয়া উচিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদুল হাসান, অনুষ্ঠানের সভাপতি এম মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।