সরকার চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ঈদের পর লাগাতার কঠোর কর্মসূচি দেবে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। এ জন্য প্রস্তুতি নিতেও তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।আজ বুধবার রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন। পদ্মা সেতুর নামে ‘চাঁদাবাজি প্রতিহত’ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সরকার লুণ্ঠনের স্বীকৃতি দিয়েছে। এটি ইতিহাসে কখনো ঘটেনি। তিনি পদ্মা সেতুর জন্য কাউকে এক পয়সা চাঁদা না দেওয়ারও আহ্বান জানান।বিএনপির নেতা খায়রুল কবীরের কারামুক্তি উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ নরসিংদী জাতীয়তাবাদী ফোরাম।অনুষ্ঠানে সরকারের উদ্দেশে মওদুদ বলেন, ‘এখনো সময় আছে, বিশ্বব্যাংকের অভিযোগ অনুযায়ী দুর্নীতিতে জড়িতদের বরখাস্ত করুন। বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতার চেষ্টা করুন।’ মওদুদের ভাষায়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাল্পনিক। আওয়ামী লীগ পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের বেশি কিছু করতে পারবে না। বাকিটা বিএনপিই করবে।অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আমানউল্লাহ, এহসানুল হক, রুহুল কবির, খায়রুল কবীর প্রমুখ বক্তব্য দেন।