সরকার চাঁদাবাজদের বরদাস্ত করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার চাঁদাবাজদের বরদাস্ত করবে না। চাঁদাবাজদের হুমকি-ধামকিতে ভয় পাওয়ার কিছু নেই। অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইকারীদের গুলিতে আহত পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, ঢাকা রেঞ্জার পুলিশের উপমহাপরিদর্শক মোখলেসুর রহমানসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনী জীবনবাজি রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে। এর বড় উদাহরণ এবার ঈদে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ ও সরকার একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান।পুলিশ সদস্য আসাদুজ্জামান আহত হওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, যদি আসাদ আগে গুলি করত তাহলে এটাকে কিছু গণমাধ্যম বিচারবহির্ভুত ঘটনা বলে প্রকাশ করত। তাই এসব বিষয় তিনি সাংবাদিকদের বিবেচনার ওপর ছেড়ে দেন।উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর রাতে নগরের গুলশান ১-এর শ্যুটিং ক্লাবের কাছে ছিনতাইকারীদের গুলিতে পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান (২৮) মারাত্মকভাবে আহত হন। কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। গাড়ির আরোহীর চিৎকার শুনে টহলরত আসাদুজ্জামান মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা গুলি ছুড়লে তাঁর পেটের বাঁ-পাশে গুলি লাগে।