সরকার চাঁদাবাজির জন্য ব্যাংক হিসাব খুলছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নামে সরকার চাঁদাবাজির জন্য আনুষ্ঠানিকভাবে সুযোগ করে দিয়েছে। সরকার চাঁদাবাজির জন্য দুটো ব্যাংক হিসাব খুলছে। এই অর্থ দিয়ে তাঁরা দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী ও আগামী নির্বাচনে ব্যয় করবে।বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে আজ মঙ্গলবার স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠনের আয়োজনে প্রতীকী অনশনে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।আজ ইলিয়াস আলী নিখোঁজের তিন মাস পূর্ণ হলো। তিনি তাঁর গাড়িচালকসহ গত ১৭ এপ্রিল বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন। তাঁর গাড়িটি রাস্তায় পড়ে ছিল।খন্দকার মোশাররফ হোসেন বলেন, পদ্মা সেতুর চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজনের মৃত্যু হয়েছে। এই চাঁদাবাজি নিয়ে যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, তা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কারও টিফিনের টাকা বা এক মাসের বেতন দিয়ে পদ্মা সেতু করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক দাতা সংস্থার সমর্থন নিয়েই পদ্মা সেতু করা হবে বলে ঘোষণা দেন তিনি।শেয়ারবাজার কেলেঙ্কারির কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অর্থমন্ত্রী বলেছিলেন তদন্ত প্রতিবেদনে স্পর্শকাতর ব্যক্তির নাম আছে। তাই তা প্রকাশ করা যাচ্ছে না। পদ্মা সেতুর দুর্নীতিতেও নিশ্চয় এমন কারও নাম আছে, তাই তা প্রকাশ করা হচ্ছে না।বিদ্যুতের দাম বাড়ানোর বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার এমন করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তিনি বলেন, ‘সরকারের কর্তা ব্যক্তিদের কথা শুনে বোঝা যায়, ইলিয়াস আলী সরকারের নির্দেশে গুম হয়েছে। তিনি সরকারের কাছেই আছেন।’ তিনি ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানান।