প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল ও সরকার চায় বিরোধী দল সংসদে এসে যথাযথ ভূমিকা পালন করুক। বিরোধী দল সমালোচনা করলে সরকার ভুল-ত্রুটি সংশোধন করতে পারে। তাই বিরোধী দলের সমালোচনায় সরকারি দল অসন্তুষ্ট না হয়ে খুশি হয়।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে পায়াট আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জিওফ্রে পায়াটের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তাঁদের আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিসহ জলবায়ু পরিবর্তন, স্থানীয় সরকার নির্বাচন ও খাদ্য নিরাপত্তা স্থান পায়।জিওফ্রে পায়াট শেখ হাসিনার প্রশংসা করে বলেন, বাংলাদেশে এখন সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। তিনি সন্ত্রাস বন্ধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।শেখ হাসিনা সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও সংসদের দুটি আসনে উপনির্বাচনের কথা উল্লে¬খ করে বলেন, এতে প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে প্রেসিডেন্ট বারাক ওবামার আগ্রহের কথা ব্যক্ত করে বলেন, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায়।