সরকার চোরের মতো মধ্যরাতে তেলের দাম বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, ‘সরকার চোরের মতো মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।’ জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওই সমাবেশ করা হয়। বিএনপির নেতা মোশাররফ হোসেন বলেন, সরকার দাবি করছে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে। এটা মিথ্যা কথা। তিনি অভিযোগ করে বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্রজেক্টে ডিজেল সরবরাহ দিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাসাসের সভাপতি এম এ মালেক। এতে সাধারণ সম্পাদক মনির খান, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।