সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বর্তমান সরকার সংলাপের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারের উদ্দেশে এম কে আনোয়ার বলেন, সংলাপ হতে হবে কার্যকর। আগে সংলাপের বিষয় ঠিক করে কোথায় সংলাপ হবে, কোন পর্যায়ে সংলাপ হবে, তা জনগণের কাছে সরকারকে প্রকাশ করতে হবে। জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি একটাই। তাই আলোচনার নামে জনগণকে বিভ্রান্ত করবেন না। এটা জনগণ মেনে নেবে না।’বিএনপির এই নেতা অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষ হত্যার মাধ্যমে চার বছরের অপকর্ম ঢাকার চেষ্টা করছে। একদিকে মানুষ মারছে, অন্যদিকে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছে। সরকারের এই মানুষ হত্যা মানবতাবিরোধী অপরাধ কি না এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এসব মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বর্তমান সরকারের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে মন্তব্য করে এম কে আনোয়ার বলেন, ‘আমরা এই সরকারের পদত্যাগ চাই। নির্বাচন দিয়ে দেখুন আপনাদের কতটুকু জনপ্রিয়তা রয়েছে।’ এ ব্যাপারে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের ভরাডুবি হয়েছে। ‘এটা প্রমাণ করেছে আপনাদের জনপ্রিয়তা কোন পর্যায়ে রয়েছে।’১১ মার্চ বিএনপির কার্যালয়ে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা মনে করছেন, বিরোধী দলের নেতাদের ওপর হামলা করে, গুলি চালিয়ে, তাঁদের গ্রেপ্তার করে আন্দোলন দমিয়ে রাখবেন; আর নিজেরা ক্ষমতায় টিকে থাকবেন। এটা কল্পনাই করতে হবে, বাস্তবে এটা হবে না।’ বিএনপির কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার করা সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।শাহবাগের নতুন প্রজন্মের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, জনগণ শাহবাগের আন্দোলন প্রত্যাখ্যান করেছে। কেননা, সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য তরুণদের ব্যবহার করে শাহবাগের আন্দোলন চালিয়ে যাচ্ছে। শাহবাগে অব্যাহত এই আন্দোলনের ফলে তিনটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ব্যবহার করতে না পারায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শাহবাগে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা তুলে দিন। প্রয়োজনে আন্দোলনকারীদের গণভবনে নিয়ে যান। কেননা, সেখানে অনেক খালি জায়গা রয়েছে।’এম কে আনোয়ার বলেন, দেশে বর্তমানে কোনো সরকার নেই। কিছু ‘সন্ত্রাসী’ লোক ক্ষমতায় বসে আছে। তাঁরা ক্ষমতায় যাওয়ার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন গণমাধ্যম-ব্যবস্থার ওয়াদা করেছিল। কিন্তু বাস্তবে তারা তা করেনি। উল্টো দেশে টেন্ডারবাজি ও লুটতরাজ কায়েম করেছে। প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা মিথ্যাচার করছেন।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মেডিকেল টেকনোলজিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হযরত আলী।মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।