সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের দেশপ্রেম, ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং জনগণকে উন্নত সেবা দিতে আপনাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আজ রোববার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।দেশের মানুষের সেবাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এ লক্ষ্য থেকে আপনাদের বিন্দুমাত্রও বিচ্যুত্ হওয়া চলবে না। কেননা, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতার প্রতিটি পয়সা এ দেশের সাধারণ মানুষের। শেখ হাসিনা জনপ্রশাসনে নবনিযুক্ত কর্মকর্তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং এ দেশকে স্বাধীন করতে তাঁদের পূর্বসূরিদের ত্যাগ সম্পর্কে জ্ঞাত হওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু একই সময় জনগণের জন্য কাজ করতে পারার সম্ভাবনার অবারিত দ্বারও আপনাদের জন্য উন্মোচিত হবে।শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে অধ্যয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমি আশা করব আপনারা পড়াশোনার সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না।’ প্রধানমন্ত্রী কিছু দাবি-দাওয়া প্রসঙ্গে বিশেষ করে নারী প্রশিক্ষণার্থীর জন্য আবাসন সুবিধা বৃদ্ধি ও বিপিএটিসিতে ‘ডে কেয়ার সেন্টার’ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।এর আগে প্রধানমন্ত্রী কম্পিউটার বাটনে চাপ দিয়ে বিপিএটিসিতে একটি ইলেকট্রনিক লাইব্রেরি উদ্বোধন করেন। বিপিএটিসির রেক্টর মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, কোর্স অ্যাডভাইজার হোসেন জামিল, কোর্স ডাইরেক্টর বানিক গৌর সুন্দর ও সহাকারী কমিশনার (শুল্ক) নভেরা মোয়াজ্জেম চৌধুরী।২১টি ক্যাডারের মোট ২৪৩ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ সম্পন্ন করেন। এতে নারী কর্মকর্তা ছিলেন ৩৪ জন।