সরকার জনগণের ভোটের মর্যাদা রাখতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পথ যত কঠিনই হোক না কেন, তাঁর সরকার জনগণের ভোটের মর্যাদা রাখতে বদ্ধপরিকর। তিনি একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ বুধবার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা ও উপজেলা কমান্ডের কর্মকর্তাদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের ছয় হাজার ৪৩১ জন মুক্তিযোদ্ধা নেতাকে শপথবাক্য পাঠ করান।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান এবং জেলা কমান্ডের পক্ষ থেকে কুমিল্লা জেলা কমান্ডের শফিউল আহমেদ বাবুল ও উপজেলা কমান্ডের পক্ষ থেকে মীরেরসরাই কমান্ডের কবীর আহমেদ।অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত হওয়া চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম কামরুজ্জামান ও মনসুর আলী এবং মুক্তিযুদ্ধে শহীদ সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।প্রধানমন্ত্রী নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, আর কাউকে মুক্তিযোদ্ধাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর সরকার সবকিছু করবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী যেসব মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে অত্যন্ত কঠিন জীবনযাপন করছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর বিগত সরকারের আমলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মুখে আমরা হাসি দেখতে চাই। আমরা যখনই সুযোগ পেয়েছি, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছি। এবারও দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে মুক্তিযোদ্ধা ভাইবোনদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১ হাজার ৫০০ থেকে দুই হাজার এবং ভাতা ভোগীর সংখ্যা এক লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৫০ হাজার করা হয়েছে।’ তিনি বলেন, চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা নিশ্চিত এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও চাকরির কোটার ব্যবস্থা করা হয়েছে।অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধান এবং মুক্তিযোদ্ধাসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস