সরকার জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো ধরনের সংঘাত চায় না। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকার পরিবর্তন চায়। কিন্তু ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘর্ষের দিকে, অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দিচ্ছে।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘নব্বইয়ের ছাত্র নেতৃবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে ও আগামী নির্বাচনে যাতে তাঁরা অংশ নিতে না পারেন, এ জন্য একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।আওয়ামী লীগকে স্বাধীনতাবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু কাজে আসলে উল্টো। জনগণের সঙ্গে সরকার ধাপ্পাবাজি করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্যমতে, নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠাসহ যেসব প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার কোনোটিই তারা পূরণ করেনি। যত দিন সরকার ক্ষমতায় থাকবে, তত দিন দেশ রসাতলে যেতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গাধা পানি খায় পানি ঘোলা করে। আবুল হোসেন ঠিকই পদত্যাগ করলেন, কিন্তু নয় মাস পর। এ ছাড়া পদ্মা সেতুর ইস্যুতে সরকার নাটক করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সরকার প্রথমে বিশ্বব্যাংকের বিরুদ্ধে বিষোদ্গার করলেও আবার বিশ্বব্যাংকেরই দ্বারস্থ হচ্ছে।