সরকার জমির দাম কমানোর কথা ভাবছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জমির দাম কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। আজ বুধবার সকালে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।আজ সকালে এসংক্রান্ত গঠিত কমিটি অর্থমন্ত্রীর কাছে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ সময় অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, জমির দাম বাড়ানোর কারণে জমির নিবন্ধন কম হচ্ছিল। এ বিষয়ে একটি সরেজমিন জরিপ করা হয়েছে।কবে এই পুনর্বিবেচনার বিষয়টি কার্যকর হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, এক মাসের মধ্যেই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।এতে জনগণের কী সুবিধা হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কালো টাকা কমে যাবে এবং মানুষের হয়রানিও কমবে। গত বছরের সেপ্টেম্বরে জমির দাম যা নির্ধারণ করা হয়েছিল, নতুন সিদ্ধান্তে তা কমবে।