প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘সরকার জরুরি অবস্থা জারি করে আরও বেশি দিন ক্ষমতায় থাকার অছিলা খুঁজছে। কিন্তু তাদের এই পরিকল্পনা সফল হবে বলে মনে করি না। নির্বাচন দিতেই হবে।’বিএনপির নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে রফিক-উল হক এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ-প্রশাসন ও আদালতের ওপর সরকারের প্রভাবের কারণে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দ্রত অভিযোগপত্র দেওয়া ও গ্রেপ্তার করা হচ্ছে। সরকার মনে করছে, এর মাধ্যমে বিএনপিকে দুর্বল করা যাবে। দলটির ক্ষতি করা যাবে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড সরকারের জন্য বুমেরাং হতে পারে।রফিক-উল হক বলেন, ‘বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে, তার ভিত্তি নেই। সরকার এগুলো কেন করছে, তা বুঝতে পারছি না। সম্ভবত একটি খারাপ সৃষ্টি করতে চায় সরকার। এ জন্য খারাপ অছিলা তৈরি করছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, এই অছিলা একটি জরুরি অবস্থা সৃষ্টির মাধ্যমে আরও বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা। সরকারের মধ্যে এই চেষ্টা দেখতে পাচ্ছি। তবে সফল হবে বলে মনে করছি না।’