সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এ সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। নিজেদের ব্যর্থতা আড়াল করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত এক মানববন্ধনে হান্নান শাহ এসব কথা বলেন। ‘গোঁয়ার্তুমি’ না করে সংসদে বিল এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তিনি।হান্নান শাহ দাবি করেন, ‘দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি হিসেবে সরকারদলীয় কয়েকজন এমপি-মন্ত্রীসহ কয়েক শ’ ব্যক্তি মার্কিন দূতাবাস থেকে ‘মাল্টিপল ভিসা’ করে রেখেছেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী না বুঝলেও তাঁরা বুঝে গেছেন যে ক্ষমতা ছাড়লে তাঁরা আর এ দেশে থাকতে পারবেন না। সে কারণে এখন থেকেই তাঁরা পালানোর প্রস্তুতি শুরু করেছেন।’বিএনপি কখনো তৃতীয় শক্তিকে সমর্থন জানায়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তৃতীয় শক্তি নয়, জনগণের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় আসবে বিএনপি।’অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা না ছাড়ার ব্যাপারে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, এ ব্যাপারে হান্নান শাহ প্রশ্ন তুলে বলেন, ‘শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া কি কোনো নির্বাচিত ব্যক্তি? জেলায় জেলায় যেসব জেলা শাসক ও ঢাকা সিটি করপোরেশনে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা কি নির্বাচিত ব্যক্তি?’