সরকার জামায়াতকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়: নিজামী
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী দাবি করেছেন, জনগণের সমস্যা নিয়ে বর্তমান সরকারের কোনো মাথাব্যথা নেই। সরকারের ১৫ মাসের ব্যর্থতা ঢাকতেই যুদ্ধাপরাধের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। এখন বিচারের পরিভাষা পরিবর্তন করে মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলা হচ্ছে। এই ইস্যুটি সামনে এনে সরকার ইসলামি শক্তিকে নির্মূল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।আজ সোমবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এ কথা বলেন। নিজামী দাবি করেন, জামায়াত বিভিন্ন সময় সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছে। এ কারণে জামায়াতের প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্যই সরকার যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারের ধোয়া তুলছে। এর মাধ্যমে জামায়াতকে সরকার রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে চায়।নিজামী বলেন, যুদ্ধাপরাধের বিচার একটি মীমাংসিত বিষয়। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তান, ভারত, বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইস্যুটি সমাধান করে গেছেন। সেই সময় তদন্ত করে ১৯৫ জন পাকিস্তানি সেনাকর্মকর্তাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ওই চুক্তির মাধ্যমে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন এই বিষয়টি তোলার কোনো সুযোগ নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ইস্যুটি তোলা হচ্ছে।জামায়াতের আমির বলেন, জাতীয়তাবাদী ও ইসলামি শক্তি যাতে ভবিষ্যতে ক্ষমতায় যেতে না পারে, সে জন্যই এখন আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীর ইস্যু সৃষ্টি করে ইসলামি শক্তিকে নির্মূল করার ষড়যন্ত্র করছে। জামায়াতের নেতাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পর হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ প্রভৃতি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সরকার অবশ্যই তাঁদের বিচার করত। শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে তিনি কিছুতেই যুদ্ধাপরাধের বিচারের এ বিষয়টি উঠাতে দিতেন না বলেও দাবি করেন নিজামী।