সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ শিক্ষানীতি নিয়ে বিভিন্ন আপত্তি ও দাবির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য আহ্বান করেছে। সরকার আনুষ্ঠানিকভাবে জানালে পরিষদ আগামী রোববারের হরতাল প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে। আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার এ কথা বলেন। শিক্ষানীতি সংশোধনের দাবিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ডাকা আগামী রোববারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, পরিষদের সদস্যদের সঙ্গে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বৈঠক হয়েছে। বৈঠকে পরিষদের নেতারা হরতাল ডাকার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, পরিষদের নেতাদের দাবি-দাওয়া নিয়ে এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখনো কিছু জানানো হয়নি। এখন তারা সরকারের কাছে একটি তথ্য বিবরণী দাবি করছে। তথ্য বিবরণী দিলে হরতাল প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে ভাববে। আলমগীর আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী হরতাল প্রত্যাহারের বিষয়ে বলেছেন। তিনি যদি আনুষ্ঠানিকভাবে আমাদের ডেকে বলতেন, আসুন কোথায় সমস্যা আছে চিহ্নিত করি। তাহলে তা করা যেত। কিন্ত তিনি বলেছেন আমরা যুদ্ধাপরাধী।’ সূত্র জানায়, হরতাল ঘোষণা করলেও পরিষদ তার পক্ষে বিএনপি ছাড়া অন্য দলগুলোর খুব একটা সমর্থন জোগাড় করতে পারেনি। আর বিএনপি সমর্থন দিলেও দলের নেতা-কর্মীরা হরতালের পক্ষে মাঠে নামবে—এমন আশা পরিষদের নেতারা করতে পারছেন না। ফলে হরতাল পালন করা কতটুকু সম্ভব হবে, সে বিষয়ে ওলামা মাশায়েখ পরিষদের নেতারা সন্দিহান । পরিষদ ৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল ডেকেছিল। পরে এ হরতালে বিএনপি সমর্থন দেওয়ার কথা জানায়। কিন্তু ওলামা মাশায়েখ পরিষদের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার কারণে ধর্মভিত্তিক অনেক দল এ হরতালে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে। ধর্মভিত্তিক অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের আদর্শিক বিরোধ আছে। তার ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের সময় জামায়াতের সঙ্গে কর্মসূচি পালন করতে রাজি নয় অনেক দল।