সরকার তথ্যপ্রযুক্তিকে অগ্রাধিকার খাত হিসেবে দেখছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি আরও বলেন, ঠিক এ সময়ে বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ড কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বাংলাদেশ নেক্সট ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তথ্যপ্রযুক্তি শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ নেক্সট ব্র্যান্ড বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে একটি নতুন ধারার সূচনা হলো। তিনি অন্যান্য চেম্বার ও বাণিজ্য সংস্থাকেও একই ধরনের ব্র্যান্ড সম্প্রসারণের আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সম্ভাবনাময় আইটি খাতে ভারত ও চীনের পর বাংলাদেশের উন্নত বিশ্বের জন্য পরবর্তী আউটসোর্সিং গন্তব্য হয়ে ওঠার সুবর্ণ সম্ভাবনা রয়েছে।বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন, যুক্তরাষ্ট্রে ১৩ অক্টোবর আমেরিকা-বাংলাদেশ টেকনোলজি সামিট আয়োজিত হবে। এতে দুই শতাধিক দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা অংশ নেবেন। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগার্সের ব্যবস্থাপনা অংশীদার ইফতি ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম, ডেনমার্ক রাষ্ট্রদূত সোয়েন্ড অলিং, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক টি আই এম নূরুল কবির এবং আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব-উল ইসলাম।