২১ আগস্ট গ্রেনেড হামলায় সম্পূরক অভিযোগপত্র
সরকার তদন্তকে প্রভাবিত করেনি: আইন প্রতিমন্ত্রী
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার কোনোভাবেই এ মামলার তদন্তকে প্রভাবিত করেনি। সিআইডি সঠিকভাবে তদন্ত করেছে। তদন্ত নিরপেক্ষ হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটিত হয়েছে।আজ সোমবার প্রতিমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের ডেকে এসব কথা বলেন।কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এ ঘটনা ঘটানো সম্ভব ছিল না। এ ঘটনার মূল মদদদাতা ছিল হাওয়া ভবন। ঘটনার পুরো পরিকল্পনা ছিল তারেক রহমানের। এ ঘটনায় অভিযোগপত্র দাখিলের পর থেকেই ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলা হচ্ছে। ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, অসৎ উদ্দেশে তারেক রহমানকে এ মামলার আসামি করা হয়েছে’—এসব বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।মামলাটি বিচারাধীন তাই এ বিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।