সরকার তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে: শাহবাগ সম্পর্কে ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুখরোচক বিভিন্ন কথায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে শুরু করেছে। এভাবে যদি আওয়ামী লীগ টিকে থাকে, সরকার চলতে থাকে; তাহলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যত্ থাকবে না।আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজ দেশের স্বাধীনতাকামী ও দেশপ্রেমিক মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা জানতে ও দেখতে চায়, বিএনপি কী ভূমিকা পালন করে। বিএনপি দুষ্কৃতকারী, আধিপত্যবাদীদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিকে প্রতিরোধ করতে সক্ষম হবে কী, হবে না। তিনি বলেন, অতীতের মতো এবারও বিএনপি সমস্ত শক্তি নিয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এ লড়াইয়েও জয় হবেই।মির্জা ফখরুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে ১৮ দলীয় ঐক্যজোট গঠন করা হয়। এর মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ঐক্য তৈরি করা হয়েছে। এ ঐক্য শুধু অটুটই নয়, এ ঐক্য আরও বৃহত্ হবে, আরও শক্তিশালী হবে।মহাজোটের দুই শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করেন ফখরুল। স্বাধীনতা-পরবর্তী এই দুই নেতার ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন এই ইনু সাহেব বলেছিলেন আওয়ামী লীগ একটি গণধিক্কৃত সরকার। আজ সেই ইনু সাহেবেরা সরকারের সঙ্গে একজোট হয়ে গণতন্ত্রের বিরুদ্ধে নেমেছেন।’‘বিএনপিকে নতুন করে পরিশুদ্ধ হয়ে আসতে হবে’—রাশেদ খান মেননের এমন বক্তব্যের উল্লেখ করে ফখরুল বলেন, ‘এ ধরনের কথা বলার আগে একবার কী তাঁর অতীত তাঁকিয়ে দেখেছেন? তিনি আমার নেতা, আমি তাঁকে শ্রদ্ধা করি। নৌকাটা ছেড়ে নির্বাচন করেন, কয়টা ভোট পান দেখেন। এমন কথা বলবেন না, যাতে শ্রদ্ধার জায়গাটা নষ্ট হয়।’শাহবাগ আন্দোলনের কথা উল্লেখ করে সাদেক হোসেন খোকা বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি, বর্তমান সরকারের ট্রাইব্যুনালকে দলীয়করণ করা এবং তাদের ফরমায়েশে চালানোর যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে এ আন্দোলন।’ এ আন্দোলন থেকে কোনো রাজনৈতিক দল যাতে ফায়দা হাসিল করতে না পারে, সে জন্য তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ প্রমুখ।