সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশের কোথাও বিএনপির নেতা-কর্মীদের মিছিল বের করতে দেওয়া হচ্ছে না। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। বিরোধী দল বিএনপির ডাকে আজ সারা দেশে সকাল থেকে হরতাল পালিত হচ্ছে।নয়াপল্টনে আটক ১৮: সকাল সোয়া নয়টার দিকে নয়াপল্টনের সামনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। তখন পুলিশ রাস্তা আটকে মিছিল না করার অনুরোধ জানায়। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সে কথা না শুনে মিছিল করতে থাকেন। এ সময় সে মিছিলে বিএনপির নারী কর্মীরা যোগ দেয়। একপর্যায়ে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করে নিয়ে যায় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। পুলিশ কয়েকজনকে আটকের কথা নিশ্চিত করেছে, তবে কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। আদালত প্রাঙ্গণ: সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপি-সমর্থিত আইনজীবীরা হরতালের পক্ষে মিছিল-বিক্ষোভ করছেন। পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে প্রায় ৪০ জন আইনজীবীর একটি দল সুপ্রিম কোর্টের মূল ফটক দিয়ে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন। তখন তাঁরা সেখানেই বসে বিক্ষোভ করেন। ১১টার দিকে তাঁরা সমিতি ভবনের সামনে মিছিল নিয়ে আসেন। এর আগে থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে আইনজীবীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। জজ কোর্ট প্রাঙ্গন: ঢাকা জজ কোর্ট এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বিএনপি পন্থী দুই আইনজীবীকে আটক করে । আটককৃতরা হলেন শাম্মী আক্তার ও আবুল কালাম আজাদ খান।জানা যায়, সকাল থেকে আওয়ামী পন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গনে পাল্টাপাল্টি মিছিল ও সভা-সমাবেশ করছে। নিরাপত্তা ব্যবস্থা: হরতালের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে নয় হাজারের বেশি পুলিশ এবং সাড়ে পাঁচ হাজার র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। হরতালের সময় দায়িত্ব পালনের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ ও দুটি উপনিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। হরতালের আওতামুক্ত: বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদমাধ্যম, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিত্সাসেবা, লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিস, গ্যাস-বিদ্যুত্ ও পানিসংক্রান্ত জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে।