সরকার দায় এড়াতে পারে না: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফের দায় প্রধানমন্ত্রী তথা সরকার কোনোভাবেই এড়াতে পারে না। কেননা, প্রচলিত বিচারব্যবস্থায় বিপ্লবের ফাঁসি হয়েছিল।মওদুদ বলেন, দণ্ড মওকুফের জন্য স্বরাষ্ট্র, আইন ও প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এখানে রাষ্ট্রপতিকে দায়ী করা যাবে না। তবে আইন মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়া দণ্ড মওকুফ হলে তা সঠিক হবে না। মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি জানতেন কি না, আমি জানি না। তবে এ বিষয়গুলো পরিষ্কার করা উচিত।’ জিন্টুর দণ্ড মওকুফের বিষয়ে তিনি বলেন, সামরিক আদালতে জিন্টুর অনুপস্থিতিতে বিচার হয়েছিল। তার পরও তা মওকুফের সময় যথাযথ নিয়ম মানা হয়েছে।এ নিয়ে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীন দলের লোক হলেই ফাঁসির আদেশ মওকুফ হয়ে যায়। নাটোরের গামা হত্যার আসামিদের মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে। এবার লক্ষ্মীপুরের এক আলোচিত সন্ত্রাসীর ফাঁসির দণ্ড মওকুফ করলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। বিবৃতি: লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের খুনি এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফের মাধ্যমে আইনের শাসনকে পদপিষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি মনে করে, এর মাধ্যমে রাষ্ট্রপতি নিজে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেপরোয়া ও হিংস্র কর্মকাণ্ডের পাহারাদারে পরিণত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, নুরুল ইসলামকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। আর এই কাজ করেছিলেন লক্ষ্মীপুরের কুখ্যাত তাহের কিলিং স্কোয়াডের প্রধান এ এইচ এম বিপ্লব। মির্জা ফখরুল বলেন, এই সাজা মওকুফ রাষ্ট্র ও সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। সারা দেশ দুর্বৃত্তপীড়িত হয়ে পড়বে।