সরকার দুর্ঘটনা ঘটিয়ে সমাবেশ পণ্ডের চেষ্টা চালিয়েছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আজ সোমবার সিরাজগঞ্জে আয়োজিত ছাত্র-জমায়েতে অভিযোগ করে বলেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে তাঁর সমাবেশস্থলের কাছে ট্রেন-দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে সরকার আজকের সমাবেশ পণ্ড করার চেষ্টা চালিয়েছে। তিনি ‘স্বৈরাচারী’ আখ্যায়িত করে এ সরকারকে হটানোর আহ্বান জানিয়েছেন। আজ বিকেলে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ মুলিবাড়ী রেলগেট মাঠে ছাত্র-গণজমায়েতের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তিনটা পাঁচ মিনিটে সভামঞ্চ থেকে মাত্র ৩০ গজ দূরে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। শহীদ জেহাদের ২০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এ ছাত্র-গণজমায়েতের আয়োজন করে। খালেদা জিয়া আজকের সমাবেশে আরও বলেন, ‘দরকার হলে আরও কিছু রক্তক্ষয় হবে। আমরা আগেও স্বৈরাচারী সরকার হটিয়েছি।’ বিকেল চারটা ৩৫ মিনিট থেকে পাঁচটা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিটের ভাষণে সরকারের নানা সমালোচনা করে তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি ভাষণে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সমাবেশে সভাপতির ভাষণে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, সমাবেশের জন্য অনুমতি নেওয়ার সময় রেল-কর্তৃপক্ষ জানিয়েছিল বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ রেলপথে কোনো ট্রেন চলবে না। তিনি প্রশ্ন তোলেন, ট্রেন কেন তিনটার দিকে ওই পথ দিয়ে গেল? তিনি অভিযোগ করেন, সরকার ষড়যন্ত্র করে বিএনপির সমাবেশস্থলের কাছে ট্রেন-দুর্ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক মো. জিলানী জানান, ঘটনাস্থলে একজনের লাশ পড়ে ছিল। বাকি চারজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন বলে হাসপাতাল সূত্র তাঁদের নিশ্চিত করেছে। তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। রায়গঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ট্রেনের ইঞ্জিন ও বগিতে আগুন ধরিয়ে দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ইটপাটকেলের আঘাতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন আছে।