সরকার দুর্বল, উপদেষ্টারা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ সরকার দুর্বল, দ্বিপক্ষীয় বিষয়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারে না। আর সরকারের উপদেষ্টারা ভারতের হয়ে কথা বলেন।গতকাল সোমবার ফেনী নদী অভিমুখে লংমার্চের বিভিন্ন পথসভায় মহাজোটের শরিক এরশাদ এসব কথা বলেন। বিকেলে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় এরশাদ ভারতের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা সব দিচ্ছি, কিন্তু কিছুই পেলাম না। এটা তো বন্ধুত্বের লক্ষণ নয়। পানি না দিলে আমরা ট্রানজিট দেব না।’ভারত পাম্প দিয়ে ফেনী নদী থেকে পানি টেনে নিচ্ছে বলে অভিযোগ করে এরশাদ বলেন, ফেনী নদীর উৎপত্তি, এর প্রবাহ বাংলাদেশে। এই নদীর পানি ভাগাভাগি হতে পারে না। ভারত অন্যায়ভাবে পাম্প দিয়ে পানি নিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি ছাড়া সরকার-বিরোধী দল কেউই এর প্রতিবাদ করছে না।গতকাল সকাল নয়টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের সামনে থেকে কয়েক শ গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু করেন এরশাদ। যাত্রার আগে তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে কী আলোচনা হয়েছে। জবাবে এরশাদ বলেন, ‘কী বিষয়ে আলোচনা হয়েছে এখন বলা যাবে না, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।’এর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে প্রথম পথসভায় এরশাদ ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে প্রতিবাদ না করায় সরকারের সমালোচনা করেন। এরপর সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় দ্বিতীয় পথসভায় তিস্তার পানি চুক্তির বিষয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মনমোহন সিংহ বলেছিলেন, তিন মাসের মধ্যে তিস্তার পানি চুক্তি হবে। কিন্তু নয় মাস, এক বছর হয়ে গেলেও তিস্তা চুক্তি হয়নি। কারণ, সরকারের দুর্বলতা। তারা মাথা উঁচু করে কথা বলতে পারে না।’তৃতীয় পথসভায় এরশাদ ট্রানজিটের মাশুল ও টিপাইমুখ বাঁধসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মনে প্রশ্ন জাগে, এসব উপদেষ্টা বাংলাদেশের, না ভারতের মানুষ। তাঁরা বাংলাদেশের কথা বলেন না, ভারতের কথা বলেন। এঁরা কোথা থেকে আসলো? এসব উপদেষ্টা আমাদের দরকার নেই।’ ফেনীর জনসভা ছাড়া সবগুলো পথসভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এরশাদ।দাউদকান্দি টোলপ্লাজার পথসভায় এরশাদ দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা তুলে ধরে বক্তৃতা করেন। তিনি কুমিল্লার চান্দিনায় বলেন, দেশের আইনশৃঙ্খলা এতই খারাপ যে মানুষের জীবনের নিরাপত্তা নেই। দুজন সাংবাদিক খুন হলেন, কোনো হদিস নেই। প্রতিদিন খুন হচ্ছে, জিনিসপত্রের দাম নাগালের বাইরে, সন্ত্রাস-চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।বিকেলে ফেনীতে জনসভায় এরশাদ আক্ষেপ করে বলেন, ‘মহাজোটে গিয়ে কী পেলাম? অনেক আশা নিয়ে মহাজোটে গিয়েছিলাম। এখন পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, ব্যাংকে টাকা নেই, শেয়ারবাজারে পুঁজি হারিয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু এর কোনো বিহিত নেই।’ তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমাকে আরেকবার সুযোগ দিন, যাতে আপনাদের এবং ইসলামের খেদমত করতে পারি।’ জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ জনসভায় এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘আপনি মহাজোট থেকে বেরিয়ে এসে সর্বনাশা সংকট থেকে দেশকে বাঁচান।’দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ১২ মার্চ একটি জনসভাকে কেন্দ্র করে দুটি দল ঝগড়া ও সংঘাত সৃষ্টি করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। জাপার যুগ্ম মহাসচিব আলাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার প্রমুখ বক্তব্য দেন। ফেনী অভিমুখে লংমার্চ কর্মসূচির উদ্যোক্তা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী মঞ্চে উপস্থিত থাকলেও বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।