সরকার দেশ চালাতে ১৪ দলের পরামর্শ নিচ্ছে না: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সরকার রাষ্ট্রপরিচালনায় ১৪ দল তথা মহাজোটের পরামর্শ নিচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটি, ভূমি সংস্কার কমিটি, শিক্ষা কমিটি, কৃষিকাজ বিতরণসহ বিভিন্ন কমিটিতে মহাজোটের প্রতিনিধিত্ব নেই। আর এসবের প্রতিবাদে ও জনগণকে বিষয়গুলো জানাতে ওযার্কাস পার্টি ২২ মে ঢাকার মুক্তাঙ্গনে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে।পাশাপাশি পরে জেলায় জেলায় একইভাবে সভা সমাবেশ, হাটসভা, পথসভা ও স্মারকলিপি দেওয়া হবে বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার শহীদ আসাদ মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের পদক্ষেপ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রাশেদ মেনন বলেন, দেশে হরতাল দেওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। আসলে বিএনপি ভারতকে ইস্যু করে আন্দোলন করতে চায়। তবে দেশের জনগণ তা মেনে নেবে না। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে—এমন অভিযোগে বিএনপি হরতাল ডাকার বিষয়ে মেনন বলেন, বিএনপিও হরতাল না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু হরতাল ডেকে তারাও প্রতিশ্রুতি ভঙ্গ করছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। এ সময় দলটি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে চিহ্নিত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।