সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে: মওদুদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে দ্রুত সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তবে সরকার এ সংঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এ কথা বলেন। দেশ যাতে গৃহযুদ্ধের দিকে যায়, সরকার সেই নীতি গ্রহণ করেছে—এমন অভিযোগ করে সাবেক আইনমন্ত্রী বলেন, শক্তি থাকার পরও ১৮ দল সংঘাতের পথে যাবে না। কারণ, এই জোট দেশের গণতন্ত্র অব্যাহত রাখতে আন্দোলন করছে। তবে সময়মতো আন্দোলন জোরদার করা হবে। একই সঙ্গে কোনো দলীয় সরকারের অধীনে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ার করেন।

বর্তমান সরকারের আমলে দেশে হত্যা, ধর্ষণ ও গুমের মতো ঘটনা নিয়মিত ঘটছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মওদুদ বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঘুষ নেওয়ার পথ বন্ধ করে দেওয়ায় সরকার চায় না এ প্রকল্পে তারা ফিরে আসুক। তাই সরকারের ‘এজেন্ট’ দুদক দুই আবুলকে মামলার আসামি করেনি বলে তিনি দাবি করেন। বিজ্ঞপ্তি।