সরকার দেশকে জেলখানায় পরিণত করেছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এবং গ্রেপ্তার ও জুলুম-নিপীড়নের প্রতিবাদে আগামীকাল সোমবার ১৮ দলীয় জোট ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ আহ্বান জানান।বিবৃতিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশকে আজ এক বৃহৎ জেলখানায় পরিণত করেছে। বিরোধী দলের উপর দমন-নিপীড়ন ও নির্যাতন চালিয়ে “মিথ্যা” মামলা দিয়ে “গণগ্রেপ্তার” করে ১৪ হাজারের অধিক লোককে সম্প্রতি কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তিন লক্ষাধিক লোককে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। দেশের জেলখানাগুলোতে আজ তিল ধারণের ঠাঁই নেই। সরকারের জুলুম-নিপীড়ন থেকে বিরোধী দলের নেতা-কর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিগণও রেহাই পাচ্ছে না। সরকার গোটা দেশকে বিরান ভূমিতে পরিণত করেছে।’বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার বিরোধী দলকে সমূলে উত্পাটন করতে চায়। বিরোধী দল মিছিল, সমাবেশ করলেই গুলি চালানো হচ্ছে। জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষকে নির্মূল করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাচ্ছে।’জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, হিউম্যান রাইটসওয়াচ, ওআইসি, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনসহ কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, মালয়েশিয়া, মিসর, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ দলীয় ক্যাডারের মতো তাদের ভূমিকা এখনো অব্যাহত রেখেছে। পুলিশ কোনো দলের নয়। দেশের প্রতিটি জনপদ আজ প্রতিবাদে সোচ্চার হয়েছে। দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দলীয় ক্যাডার দিয়ে দেশের সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে তার জন্য বিরোধী দলকে দায়ী করে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। সরকারের এহেন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সব দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ গ্রেপ্তার-আটক সব সাধারণ মানুষকে অবিলম্বে মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের কালকের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়।