সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সরকার দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। আজ মঙ্গলবার গণফোরামের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।ড. কামাল বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাষ্ট্রপতিকে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানান।কামাল হোসেন আরও বলেন, ৪০ বছর পর হলেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার অনুষ্ঠিত হচ্ছে। সব জড়তা পরিহার করে সুষ্ঠুভাবে এ বিচারকাজ সম্পন্ন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম খান, আবদুর রউফ, সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন, মোশতাক আহমেদ প্রমুখ।