সরকার দেশে অঘোষিত ১৪৪ ধারা জারি করেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ ফয়জুল করিম বলেছেন, দেশব্যাপী গণ-অবস্থান কর্মসূচির প্রস্তুতিতে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। পল্টন ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির কথা বলে সরকার অঘোষিতভাবে সারা দেশে ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু এভাবে ইসলামী আন্দোলন দমন করা যায় না। এ চেষ্টা করলে ভবিষ্যতে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে এবং চরমোনাইয়ের পীরের সমাবেশে হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগরের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে ফয়জুল করিম বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহারের প্রধান আকর্ষণই ছিল তারা কোরআন-সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে না। কিন্তু এখন আমরা দেখতে পারছি সরকার কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক সব আইন করছে।’সমাবেশে ঢাকা মহানগরের সভাপতি মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, সরকার ইসলাম ধ্বংসের যে অশুভ কাজ করছে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, মিছিল-সভা-সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার। এ অধিকার কেড়ে নিতে চাইলে সরকারের পতন হবে। তিনি বলেন, দেশব্যাপী গণ-অবস্থান কর্মসূচির প্রস্তুতিতে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। আর তাই গণ-অবস্থান বানচালে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু হামলা, মামলা করে ইসলামের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক শফিকুল আমীন খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আবু সাঈদ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান প্রমুখ।